হিলারি কাজে ফিরছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ সোমবার কাজে যোগ দিচ্ছেন। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে সিএনএনের খবরে এ কথা জানানো হয়।শারীরিক অসুস্থতার কারণে প্রায় এক মাস কাজে অনুপস্থিত ছিলেন হিলারি। গত ২ জানুয়ারি হাসপাতাল ছাড়েন তিনি।গত বছরের ৩০ ডিসেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিত্সকেরা জানান, হিলারির ডান কানের পেছনে মগজ ও খুলির মধ্যবর্তী শিরায় রক্ত জমাট বেঁধেছে। হিলারির অবস্থার উন্নতি হওয়ায় চিকিত্সকেরা তাঁকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন।গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আজ মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে হিলারির বৈঠক আছে। চলতি সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের সময়সূচি নির্ধারিত আছে। এর মধ্যে কাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন হিলারি। তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।চিকিত্সকেরা হিলারিকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। চলতি মাসের শেষের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির দায়িত্ব শেষ। নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন জন কেরি।