হিলারি ক্লিনটন আজ আসছেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শনিবার বিকেলে ঢাকায় আসছেন। দুই দিনের সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও রাষ্ট্রাচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে জানান, আজ বিকেল চারটা ১০ মিনিটে বেইজিং থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন হিলারি ক্লিনটন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেলে যাবেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ সন্ধ্যা ছয়টায় দুই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী অংশীদারি সংলাপবিষয়ক পত্রে সই করবেন।এদিকে বহুল আলোচিত ও যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) এ সফরে সই হচ্ছে না। টিকফার বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।আলোচ্যসূচি: ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, হিলারির এ সফরকে সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বেশ ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ মনে করলেও শেষ পর্যন্ত সেটি না-ও হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ সন্ধ্যার আলোচনাগুলোতে প্রাধান্য পাবে সুশাসনসহ চলমান রাজনীতি, মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে দুই প্রধান শিবিরের মতপার্থক্য মেটানোকে জরুরি মনে করে মার্কিন প্রশাসন। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার ধারাবাহিকতা রক্ষা এবং বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের স্বার্থেই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক, এটাই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। বিশেষ করে নির্বাচনের পর আগামীতে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, এটা চায় ওয়াশিংটন। এসব বিষয়ে আভাস দিতে পারেন হিলারি।এ ছাড়া ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া আর পোশাক শ্রমিক অধিকার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র খোঁজ নেবে। গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিস্থিতি, যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গগুলোও প্রাসঙ্গিকভাবে তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।অন্যদিকে বাংলাদেশ বরাবরের মতোই মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা, বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা ও বিশেষায়িত মার্কিন সহায়তা তহবিল মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে (এমসিএ) অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেবে।সই হচ্ছে সহযোগিতার রূপরেখা: যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ চূড়ান্ত হচ্ছে হিলারির সফরে। এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিবিড় করতে দুই দেশ নিয়মিতভাবে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করবে। ফলে দ্বিপক্ষীয় সব বিষয়ে সুনির্দিষ্ট কাঠামোর আওতায় দুই পক্ষ সিদ্ধান্ত নেবে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী এ সংলাপ চালুর বিষয়ে সই করবেন।নৈশভোজে হিলারির না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। কিন্তু এতে অংশ নিতে অপারগতা জানিয়েছেন হিলারি। ঢাকায় মার্কিন দূতাবাস শুক্রবার সন্ধ্যায় অপারগতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।সফরসূচি: বিকেল চারটা ১০ মিনিটে হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে তিনি যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সন্ধ্যা ছয়টায় তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাতের পর দীপু মনি ও হিলারি ক্লিনটন সহযোগিতা সংলাপ চুক্তি সই করবেন। রাতে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।সফরের দ্বিতীয় দিন ৬ মে সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সৌজন্য সাক্ষাৎ হবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায়। এরপর হিলারি ক্লিনটন ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এসব আনুষ্ঠানিকতা শেষ করে কাল রোববার দুপুর ১২টার পর ঢাকা ছেড়ে কলকাতা যাবেন তিনি।