হিলারি দায়িত্ব ছাড়ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শুক্রবার তাঁর দায়িত্ব ছাড়ছেন। এবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৪ বছরের মধ্যে এই প্রথম একজন সাধারণ নাগরিকে পরিণত হবেন হিলারি। বিশ্বমঞ্চ থেকে ব্যক্তিগত জীবনে চলে যাবেন তিনি। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন লড়াইয়ে হিলারিকে হারিয়ে দেন বারাক ওবামা। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০০৯ সালে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির থেকেই প্রশংসা কুড়িয়েছেন হিলারি। গত চার বছরে ১১২টি দেশ সফর করেছেন তিনি। তবে মেয়াদের শেষ বেলায় গত বছরের ১১ নভেম্বর লিবিয়ার বেনগাজিতে সন্ত্রাসী হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা হিলারির জন্য ছিল বেদনাদায়ক। এ বিষয়ে তাঁকে ২৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।অনেকটা আক্রমণাত্মকভাবেই লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি। একই সঙ্গে ওই হামলার দায় নিজের কাঁধে তুলে নেন হিলারি। লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে গত বছরের ডিসেম্বরে কংগ্রেসের পররাষ্ট্র-সংক্রান্ত কমিটির শুনানি হওয়ার কথা ছিল। তবে হিলারির অসুস্থতার জন্য তখন তা বাতিল করা হয়।গত বছরের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর তোপের মুখে পড়ে ওবামা প্রশাসন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ওই ঘটনা একটি বড় বিষয় ওঠে।কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ওবামা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ভূমিকাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিসিতে দেওয়া এক যৌথ সাক্ষাত্কারে হিলারির উপস্থিতিতে তাঁর কাজের প্রশংসা করেন ওবামা। গত শুক্রবার ধারণ করা এই সাক্ষাত্কার গত রোববার প্রচার করা হয়। হিলারির শৃঙ্খলা, অধ্যবসায়, চিন্তাভাবনা ও দক্ষতার প্রশংসা করেন ওবামা। যৌথ সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন হিলারি। গত চার বছর আমাদের মধ্যে সহযোগিতার এক দারুণ সম্পর্ক ছিল। আমি তাঁর শূন্যতা অনুভব করব। আশা করি, তিনি আমাদের সঙ্গেই থাকবেন।’ওবামা প্রশাসনের সবচেয়ে জনপ্রিয় একজন সদস্য হিসেবে দায়িত্ব ছাড়ছেন হিলারি। দেশটির সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপের ফলাফলে বলা হয়, বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে হিলারি।পাবলিক পলিসি পোলিংয়ের এক জরিপের ফলাফলে দেখা গেছে, ডেমোক্র্যাট দলের ৫৭ শতাংশ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বিতার পক্ষে। সে তুলনায় মাত্র ১৬ শতাংশ বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে।২০১৬ সালে হিলারির বয়স হবে ৬৯ বছর। বিশ্লেষকদের মতে, একজন প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে হিলারির জন্য এটা হবে একদম জুতসই বয়স। ওবামার দ্বিতীয় মেয়াদ শেষে মার্কিন জনগণ যদি আরেক দফায় ডেমোক্র্যাট দলীয় শাসন চায়, তবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করতে পারেন হিলারি।তবে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। গত মঙ্গলবার সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি কী করব, তার সবকিছু জানি না। নারীদের জন্য কাজ করব। লেখালেখির কাজ চালাব বলে আশা করছি। এগুলোই আমার পরিকল্পনা।’