হিলারির ভূয়সী প্রশংসা ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাজের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ভূমিকাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিসিতে দেওয়া এক যৌথ সাক্ষাত্কারে হিলারির উপস্থিতিতে তাঁর কাজের প্রশংসা করেন ওবামা। গত শুক্রবার ধারণ করা এই সাক্ষাত্কার গতকাল রোববার প্রচার করা হয়। হিলারির শৃঙ্খলা, অধ্যবসায়, চিন্তাভাবনা এবং তাঁর দক্ষতার প্রশংসা করেন ওবামা। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন লড়াইয়ে হিলারিকে হারিয়ে দেন ওবামা। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি।কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন হিলারি। ওবামার দ্বিতীয় মেয়াদে হিলারির স্থলাভিষিক্ত হবেন সিনেটর জন কেরি। যৌথ সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন হিলারি। গত চার বছর আমাদের মধ্যে সহযোগিতার এক দারুণ সম্পর্ক ছিল। আমি তাঁর শূন্যতা অনুভব করব। আশা করি, তিনি আমাদের সঙ্গেই থাকবেন।’২০১৬ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এমন প্রশ্ন দুজনেই এড়িয়ে গেছেন। তবে হিলারি বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমি ও প্রেসিডেন্ট উভয়ই চিন্তাভাবনা করছি। আগামীকাল বা আগামী বছর কী হবে, তা ওবামা বা আমার পক্ষে বলা সম্ভব নয়।’ একই বিষয়ে ওবামাকে কিছু বলতে বলা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা নাছোড়বান্দা। আমি চার দিন আগে মাত্র আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছি। আর চার বছর পরের নির্বাচন নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন!’