হিলারির মুখে মনমোহন-গিলানির প্রশংসা
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের পর এ কথা জানান হিলারি। ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কৌশলগত সংলাপের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ কথা বলেন। অবাধ বাণিজ্য, বিনিয়োগ ও চলাচলের জন্য ভারত পাকিস্তানের দুই দূতের আলোচনাকেও ইতিবাচক বলেছেন হিলারি। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণাও হিলারির সুরে কথা বলেছেন। কৃষ্ণা জানান, আফগানিস্তানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তানকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বানানো প্রতিহত করতে হবে। ভারত-পাকিস্তানের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এ বিষয়টি আলোচনা হয়েছে। ওই বৈঠকে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা হয়েছে । তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সব সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। দেরি হলেও এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামী মাসে পাকিস্তান সফরের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের পক্ষ থেকে আলোচনার জন্য একটি তারিখ দেওয়া হয়েছে। তবে ওই তারিখটি আমার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সাংঘর্ষিক। তাই তারিখ পুনর্নির্ধারণ আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছি।