হিলারির সঙ্গে ইউনূস ও আবেদের বৈঠক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বৈঠক করেছেন। আজ রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার গুলশানের বাসভবনে সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূস অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন হিলারি।

গ্রামীণ ব্যাংক বিষয়ে হিলারির সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ড. ইউনূস।পরে ফজলে হাসান আবেদও বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হিলারি ক্লিনটন এরপর ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এসব আনুষ্ঠানিকতা শেষ করে আজ দুপুর ১২টার পর ঢাকা ছেড়ে কলকাতা যাবেন তিনি।গতকাল শনিবার বিকেল চারটা ৪০ মিনিটে হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।