মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দুই দিনের ঢাকা সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের কূটনীতিকেরা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, হিলারির এই সফরে সন্ত্রাসবাদ দমন, নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন পদ্ধতি নিয়েও দুই দেশ আলোচনা করবে।হিলারি ক্লিনটন ৫ মে বিকেলে ঢাকায় পৌঁছাবেন। এর আগে ওই দিন সকালে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। তিনিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন।হিলারির সফরের প্রস্তুতি নিয়ে গতকাল বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ সময় মজীনা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) নিয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। অবশ্য টিকফা সই করার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুতি শেষ করেনি বলে জানা গেছে।সম্পর্কের নতুন মাত্রার বহিঃপ্রকাশ: হিলারির সফরের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের গতকাল প্রথম আলোকে বলেন, সামাজিক বিভিন্ন সূচকে অগ্রগতির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তায় বাংলাদেশের অর্জনের প্রশংসা করে থাকে যুক্তরাষ্ট্র। তা ছাড়া সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতা নিয়ে সন্তুষ্ট মার্কিন প্রশাসন। আর হিলারি ক্লিনটনের এ সফর বাংলাদেশের এসব অর্জনের স্বীকৃতিরই বহিঃপ্রকাশ। এ সফর দুই দেশের সম্পর্ককে বিশেষ পর্যায়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকের আলোচ্যসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।আলোচনায় বাংলাদেশ কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেবে—এ প্রশ্নের জবাবে আকরামুল কাদের বলেন, মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধা, বিশেষায়িত মার্কিন উন্নয়ন-সহায়তা মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে (এমসিএ) অন্তর্ভুক্তি, বঙ্গবন্ধুর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।অবস্থানগত কারণে গুরুত্ব বাড়ছে: সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ভৌগোলিক অবস্থান, মিয়ানমারের সাম্প্রতিক পটপরিবর্তন ও দেশটির সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে বিজয়ের কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের তাত্পর্য বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সম্পর্ককে বিশেষ মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র আরও জানায়, বর্তমানে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নিরাপত্তায় যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়তে পারে। অংশীদারি সহযোগিতার রূপরেখা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-মার্কিন সহযোগিতা সংলাপ চূড়ান্ত রূপ দেওয়ার কাজ চলছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে হিলারি ক্লিনটনের বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তিনি বলেন, এ সংলাপের আওতায় দুই দেশ নিয়মিতভাবে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করবে।আইনশৃঙ্খলা ও সুশাসন: ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কয়েকটি অস্বস্তিকর প্রসঙ্গ আলোচনায় আসতে পারে। এর মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা ও পোশাকশ্রমিকদের অধিকার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ড অন্যতম।