হিলি সীমান্তে বিডিআর ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক
দিনাজপুর জেলার হিলি সীমান্তে বিডিআর ও বিএসএফের উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা দেড়টা থেকে সোয়া দুইটা পর্যন্ত বৈঠকটি হিলি সিপি বিডিআর ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এর আগে বিএসএফের উচ্চপর্যায়ের দলটি বেলা সোয়া একটার দিকে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিডিআর তাদের গার্ড অব অনার প্রদান করে।বৈঠক শেষে বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ জানান, উভয় সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ চোরাচালান বন্ধ, বিএসএফের অহেতুক গুলিবর্ষণ বন্ধ রাখা এবং সীমান্তে বসবাসকারী নাগরিকদের রাতের আঁধারে সীমান্তের শূন্য রেখায় চলাচল না করার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।সালেহ আহম্মদ আরও জানান, হিলি সীমান্তের জিরো পয়েন্টে আরও দুই হাজার ৮০০ মিটার নতুন প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়।বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ সাউথ বেঙ্গলের ইন্সপেক্টর জেনারেল সিভি মরালি ধর। এ সময় বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কেরাও উপস্থিত ছিলেন।