হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় হিলি এলাকায় স্থানীয় কংগ্রেসের ডাকে ২৪ ঘণ্টা বনধ চলছে। এই বনধের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার লস্করপুর এলাকায় বিএসএফের গুলিতে সলেমন হোসেন (৩৪) নামের স্থানীয় এক গরু ব্যবসায়ী নিহত হন। এর প্রতিবাদে গতকাল রাতে স্থানীয় কংগ্রেস এই বনধের ডাক দেয়।দিনাজপুরের বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে আজ প্রথম আলো ডটকমকে জানান, ভারতের হিলি থানার লস্করপুরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে একদল গরু ব্যবসায়ীর ওপর বিএসএফের সদস্যরা গুলি চালান। এতে ওই এলাকার ধলোপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সলেমন হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এর প্রতিবাদে ওই এলাকায় কংগ্রেসের ডাকে আজ ২৪ ঘণ্টার বনধ চলছে। এ কারণে সীমান্তের ওপারে পচনশীল পণ্যসহ শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পানামা পোর্টে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে।যোগাযোগ করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে এটি ভারতের অভ্যন্তরের ঘটনা।’