হিলি স্থলবন্দর দিয়ে আগের নিয়মে আমদানি-রপ্তানি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি স্থগিত করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। মালদা কাস্টমস কার্যালয় থেকে আগের নিয়মে আমদানি রপ্তানি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।ভারতের হিলি শুল্ক কার্যালয়ের পরিবর্তে মালদা শুল্ক কার্যালয় থেকে পণ্য রপ্তানির অনুমতি নেওয়ার নির্দেশের প্রতিবাদে সে দেশের ব্যবসায়ীরা আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। তবে গতকাল রাতে মালদা শুল্ক কার্যালয় ২৫ নভেম্বর পর্যন্ত আগের নিয়মে আমদানি-রপ্তানি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে আমদানি-রপ্তানি বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। এর ফলে আজ বেলা পৌনে ১২টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানা গেছে। এ ব্যাপারে ভারতের হিলির এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল বলেন, ‘মালদা কাস্টমসের সহকারী কমিশনারের কার্যালয় থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আগের নিয়মে আমদানি-রপ্তানি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাই আমরা আপাতত আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি স্থগিত করেছি।’