হিলি স্থলবন্দরে ট্রাকচাপায় শ্রমিক নিহতের ঘটনায় ভাঙচুর, পণ্য ওঠানামা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ট্রাকচাপায় শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিনটি ট্রাক ও ট্রাকচালক সমবায় সমিতির কার্যালয়ে ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকের চালকের সহকারী সেলিমকে (১৩) আটক করেছে। ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, আজ দুপুর পৌনে একটার দিকে বন্দরে বেসরকারি অপারেটর পানামা হিলির ভেতরে একটি বাংলাদেশি ট্রাকের চাপায় নওশাদ হোসেন (৪২) নামে একজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় শ্রমিকেরা মারমুখী হয়ে ওঠেন এবং বন্দরে ট্রাকচালক সমবায় সমিতির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ৫০-৬০ জন বিক্ষুব্ধ শ্রমিক বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্টের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাঁরা বাংলাদেশি তিনটি ট্রাকও ভাঙচুর করে। এ কারণে বেলা পৌনে একটা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে পানামা হিলি কর্তৃপক্ষ জানায়।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, তাঁরা খবর পেয়ে বন্দরে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করেন। এ সময় ট্রাকের চালকের সহকারী সেলিমকে আটক করা হয়। এখন পণ্য ওঠানামা বন্ধ রয়েছে, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।