হিলি স্থলবন্দরে বন্যা: আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনের একটানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে বন্যা দেখা দিয়েছে। বন্দরের রাস্তাঘাট দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একই সঙ্গে এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আজ বুধবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, গত সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া একটানা ভারী বর্ষণে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট, চারমাথা মোড়, সিপি রোড, বাস টার্মিনাল, ধরন্দা রোড, পানামা পোর্টসহ বন্দর এলাকার বিভিন্ন রাস্তাঘাট দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। বন্দরের বেসরকারি বেশ কয়েকটি গুদামে পানি ওঠে পড়েছে। এ ছাড়া বন্দর এলাকার একটি কলেজ, তিনটি বিদ্যালয়, টিঅ্যান্ডটি অফিস ও পাঁচ শতাধিক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। বন্দরের পানামা পোর্টেও পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মিনহাজ উদ্দীন পাহলোয়ান আজ দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পানামা পোর্ট সূত্র জানায়, গতকাল পণ্য খালাস করা ৪৭টি ভারতীয় ট্রাক ফিরে গেছে এবং বন্দরে আমদানি পণ্যবোঝাই ৬৪টি ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।