হিলি স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে গত ২০ অক্টোবর জেলা প্রশাসনের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল স্থলবন্দর এলাকা পরিদর্শন করে।এ বিষয়ে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, স্থলবন্দরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটসহ বন্দরের আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনে সুষ্ঠু পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দীর্ঘদিন দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে থাকে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয় এবং স্থানীয় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।হাকিমপুর পৌর মেয়র কামাল হোসেন বলেন, জরুরিভাবে এখানকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।তদন্তকারী দলের সদস্য দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ জানান, সরকারি জায়গা ও খাল অবৈধ দখলের মাধ্যমে ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে।