পৌরকর পরিশোধ না করার অভিযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের প্রধান দুটি ফটক প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পৌর কর্তৃপক্ষ।পরে কর বাবদ দুই লাখ ২৫ হাজার টাকা আগামী সোমবারের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় পরিপ্রেক্ষিতে ফটক দুটি খুলে দেওয়া হয়। পৌরকর পরিশোধ না করার অভিযোগে স্থানীয় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে কমিশনার ও কর্মচারীরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের দুটি ফটকে তালা লাগিয়ে দেন। এর ফলে পানামা গেটের ভেতরে আমদানিকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে এবং বের হতে পারেনি। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ট্রাক ভেতরে প্রবেশ করতে না পারায় হিলি-ঘোড়াঘাট সড়কে যানজটের সৃষ্টি হয়।ভারপ্রাপ্ত পৌর মেয়র পারুল নাহার অভিযোগ করেন, পানামা পোর্ট বেসরকারিভাবে উদ্বোধনের পর থেকে গত তিন বছরে তাদের কাছ থেকে পৌরকর বাবদ ছয় লাখ ৪৭ হাজার ৮০৮ টাকা পায় সরকার। পরে পৌরকর কমিয়ে ১৮ মে একটি সংশোধনী চিঠি দেওয়া হয় তাদের। ইতিপূর্বেও বকেয়া পরিশোধের জন্য তিনবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু পানামা পোর্ট কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করেনি। এদিকে পানামা পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী বলেন, ‘পৌরসভা থেকে চিঠি পাওয়ার পর আমরা বোর্ড সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। কিন্তু পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পারুল নাহার দলবল নিয়ে এসে পানামা পোর্টের প্রধান দুটি ফটক বন্ধ করে দিয়ে আমদানি-রপ্তানি কাজে প্রতিবন্ধকতা ও সরকারের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করে।’