হিসাব করলে মুজাহিদ মিছা!
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দাবি করেছেন, গত আওয়ামী লীগের সরকারের তুলনায় চারদলীয় জোট সরকারের সময় বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য দাবি করে তিনি তার একটা হিসাবও দিয়েছেন। মুজাহিদ দাবি করেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল দুই হাজার ১০০ মেগাওয়াট। ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের সময় এই ক্ষমতা বেড়ে তিন হাজার ৩০০ মেগাওয়াট হয়। এরপর জোট সরকারের পাঁচ বছর শেষে ২০০৬ সালে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বেড়ে হয় চার হাজার ১৫০ মেগাওয়াট। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিদ্যুতের দাবিতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে বক্তৃতায় এই হিসাব দেওয়ার পর মুজাহিদ বলেছেন, তার মানে বিগত জোট সরকারের আমলেও বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং তা আওয়ামী লীগের আমলের চেয়ে বেশি ছিল।মুজাহিদের এই হিসাব ধরে যোগ-বিয়োগ করলে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ে এক হাজার ২০০ মেগাওয়াট। আর বিএনপি-জামায়াত সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে ৮৫০ মেগাওয়াট। সমাবেশে জামায়াতের অন্য নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনলেও মুজাহিদ চলমান বিদ্যুৎ-সংকটের জন্য বিগত জোট সরকারকেও দায়ী করেন। তবে তিনি এও বলেছেন, ভারত থেকে বিদ্যুৎ আনার বিষয়টি জায়েজ করতেই বর্তমানে বিদ্যুতের এত সংকট দেখানো হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ বলেন, ‘জোট সরকার ২০০৬ সালে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির ব্যবস্থা করে বিদায় নিয়েছে।...কিন্তু মইন উ আহমেদের সরকার দুই বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কোনো ব্যবস্থা করে নাই।’সমাবেশে অন্য বক্তারা বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করতে না পেরে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই সরকার মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু করেছে। জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, ‘জাতির দুর্ভাগ্য আমরা একটি মহাচাপাবাজ সরকারের অধীনে পড়ে গিয়েছি। এই সরকার ক্ষমতায় আসার পর যত অগ্রাধিকারের কথা বলেছিল, তার কিছুই করতে পারেনি।’মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এটিএম আজাহারুল ইসলাম, কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, নূরুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।