হিসাব দিয়েছে ২১টি দল, সময় চেয়েছে বিএনপিসহ ১০ দল
নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২১টি দল ২০১০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ ১০টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে।হিসাব জমা দেওয়ার শেষ দিনে গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনে আওয়ামী লীগসহ ১৫টি দল হিসাব জমা দেয়। তবে নিবন্ধিত সাতটি দল আয়-ব্যয়ের হিসাব বা সময় বাড়ানোর আবেদন—কোনোটিই জমা দেয়নি। এ সাতটি দল হলো, বাংলাদেশ সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাসদ, গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং কল্যাণ পার্টি।রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে পূর্ববর্তী পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০-এইচ ধারা অনুযায়ী, কোনো দল ধারাবাহিকভাবে তিন বছর তথ্য দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে।গতকাল পর্যন্ত অপর যে ২০টি দল হিসাব জমা দিয়েছে সেগুলো হলো: এলডিপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং খেলাফত মজলিস।বিএনপি ছাড়া অন্য যে নয়টি দল সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো, জাতীয় পার্টি-জেপি, গণতন্ত্রী পার্টি, জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।বিএনপি হিসাব জমা দেওয়ার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছে। গতকাল দুপুরে বিএনপির উপদপ্তর সম্পাদক আবদুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ আবেদন কমিশন সচিবালয়ে জমা দেয়।কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক পরে সাংবাদিকদের বলেন, সময় বাড়বে কি না, বা কত দিন বাড়বে, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।জানা যায়, এর আগে ২০১০ সালে ৩৮টি রাজনৈতিক দল ২০০৯ পঞ্জিকা বছরের হিসাব জমা দিলেও কমিশন সেগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষা করেনি বা প্রকাশও করেনি। তবে গত বছরের জুলাই ও আগস্টে কমিশন একাধিকবার সাংবাদিকদের জানিয়েছিল, জমা দেওয়া হিসাব নিবন্ধিত অডিট প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।