হিসাবরক্ষণ পেশাজীবীর চাহিদা বিশ্বজুড়ে
হিসাববিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রি এসিসিএ অর্জন করলে দেশ-বিদেশ সব জায়গাতেই কাজ করার সুযোগ আছে। আর এসিসিএর জন্য বাংলাদেশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, যেখানে এখন প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছেন।যুক্তরাজ্যভিত্তিক অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট বা এসিসিএর প্রধান নির্বাহী হেলেন ব্র্যান্ড ওবিই সম্প্রতি বাংলাদেশ সফরকালে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় এই অভিমত দেন। তিনি বলেন, এসিসিএতে ভালো করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। এসিসিএর কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যে একজন শিক্ষার্থী নিজে নিজে পড়েও পরীক্ষায় অংশ নিতে পারেন। ২০০৯ সাল থেকে এসিসিএর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা এই ব্রিটিশ নাগরিক তিন দিনের এক সফরে গত ১৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। এই সফরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ। এছাড়াও হেলেন ব্র্যান্ড ২১ সেপ্টেম্বর ঢাকার হোটেল রেডিসনে ‘দি ইম্পর্টেন্স অব ইথিক্স ইন বিজনেস: হাউ অ্যাকাউন্ট্যান্টস ক্যান কনট্রিবিউট’ বা ‘ব্যবসায়ে নৈতিকতার গুরুত্ব: হিসাবরক্ষণ পেশাজীবীরা যেভাবে অবদান রাখতে পারেন’ শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব।হেলেন ব্র্যান্ড প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসিসিএ কার্যক্রমের নানা দিক তুলে ধরেন। এসিসিএর পড়াশোনার মান ও নৈতিকতা ইত্যাদি বিষয় তুলে ধরাই তাঁর বাংলাদেশ সফরের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।হেলেন ব্র্যান্ড জানান, দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ) হলো হিসাববিজ্ঞান বিষয়ে একটি পেশাগত ডিগ্রি। যেটি ১৯০৪ সালে যুক্তরাজ্যে প্রথম চালু হয়। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে এসিসিএ কার্যক্রম চালু করা হয়। বর্তমানে ৮৩টি আঞ্চলিক অফিসের মাধ্যমে ১৭০টি দেশে এই কার্যক্রম চালু আছে। যেখানে চার লাখ চার হাজার শিক্ষার্থী এবং এক লাখ ৪০ হাজার সদস্য রয়েছে।বাংলাদেশে এসিসিএ কার্যক্রম ও এই বিষয়ের শিক্ষার্থীদের সম্পর্কেও হেলেন ব্র্যান্ড কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এখন এসিসিএ পড়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বর্তমানে এখানে প্রায় সাত হাজার শিক্ষার্থী ও ৪৫ জন এসিসিএ সদস্য রয়েছেন। চাহিদার ভিত্তিতে এ দেশে ২০০৮ সালে এসিসিএর কান্ট্রি অফিস খোলা হয়। যেখানে শিক্ষার্থীদের ও ইনস্টিটিউটের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা খেয়াল রাখা হচ্ছে। পর্যায়ক্রমে এই সেবা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।এসিসিএর গুণগত মানের বিষয়ে হেলেন ব্র্যান্ড বলেন, এসিসিএ বিশ্বব্যাপী সমাদৃত একটি পেশাগত ডিগ্রি এবং এটি আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইফ্যাক) সদস্য। ফলে এসিসিএ সব সময়ই গুণগত মান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সব দেশে একই পদ্ধতিতে পড়ানো হয়। তাই বাংলাদেশসহ যে দেশেই এসিসিসিএ সম্পন্ন করা হোক না কেন, একই মান বজায় থাকবে।হেলেন ব্র্যান্ড আরও বলেন, যেকোনো দেশ ও প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতি একটা বড় ভূমিকা পালন করে থাকে। আর অর্থনীতির সঠিক হিসাব-নিকাশের জন্য হিসাবরক্ষণ পেশাজীবীদের নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এসিসিএ শিক্ষার্থীদের পেশাগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা মেনে চলার ব্যাপারেও বিশেষভাবে জোর দিয়ে থাকে।