হিয়ার টানে মুখর সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ, গান আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো তিন দিনব্যাপী প্রথম আলো-শেলেটক্ দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। ‘হিয়ার টানে মুখর ঐকতানে’—এই স্লোগান নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গত মঙ্গলবার শুরু হয় এ উৎসব। বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনার উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি।উৎসবের শেষ দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় মিলনায়তন মাতিয়ে তোলেন বুয়েটের মূর্ছনা ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রোতা-দর্শকেরা তাঁদের উৎসাহ দেন তালে তালে। তবে গতকালের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ চক্রবর্তীর সেতার পরিবেশনা। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনায় মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা।তিন দিনব্যাপী উৎসব উপলক্ষে বুয়েট মিলনায়তন সেজেছিল ভিন্ন সাজে। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের আগ্রহও ছিল বেশ। উৎসবের প্রথম দিনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সংগীত পরিবেশন করে। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন পণ্ডিত সারথী চ্যাটার্জি। দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গান, নাচ পরিবেশন করেন। উৎসব শেষে বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম, সহ-উপাচার্য হাবিবুর রহমান, শেলেটকে্র জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আমিনুল হক ও গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।