বেসরকারি প্রতিষ্ঠান হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক এলগিন সাহা প্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্পত্তি আত্মসাত্ করার জন্য আত্মীয়দের নিয়ে ‘হীড ট্রাস্ট’ গঠন করেছেন। রাজধানীর মিরপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জমি কেনার নামে এক কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। বিদেশ থেকে দরিদ্র মানুষের নামে টাকা এনে তিনি হস্তশিল্পের ব্যবসাও করেছেন।সরকারের এনজিওবিষয়ক ব্যুরোর তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। কমিটি ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ আসার পর এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করা হবে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে এলগিন সাহা প্রথমে বলেন, তদন্ত প্রতিবেদন নিজে না দেখে তিনি কোনো মন্তব্য করবেন না। মুঠোফোনে প্রতিবেদন পড়ে শোনানোর পর তিনি বলেন, এই প্রতিবেদন পক্ষপাতমূলক। তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তিনি বলেন, ‘এখন আমি আদালতে যাব।’হীড বাংলাদেশের নির্বাহী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলোকে বলেন, এত কাল এলগিন সাহার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ ছিল, তদন্তে তা সত্য প্রমাণিত হয়েছে। এই প্রতিষ্ঠানের স্বার্থে এলগিন সাহাকে হীড ছেড়ে চলে যেতে হবে।এলগিন সাহার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ বেশ পুরোনো। এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রথম আলোতে ছাপা হয়েছে। কর্মীরা বছরখানেক আগ থেকে আশঙ্কা করছেন, নির্বাহী পরিচালকের অসততার কারণে এনজিওটি বন্ধ হয়ে যেতে পারে। কর্মীরা কেন্দ্র ও মাঠপর্যায়ে ‘হীড রক্ষা কমিটি’ গঠন করেন। নির্বাহী কমিটি এলগিন সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিটির সদস্যরা সরকারের শরণাপন্ন হন। নেতৃত্বদানকারী কয়েকজনকে গত দুই মাসে চাকরি থেকে বরখাস্ত করেছেন এলগিন সাহা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এনজিওবিষয়ক ব্যুরো এবং জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে অবহিত না করে এলগিন সাহা ‘হীড ট্রাস্ট’ গঠন করেছেন। এটা আইনের পরিপন্থী। অন্যদিকে হীডের কর্মীদের অভিযোগ ছিল, ৩৫ বছরের বেশি সময় কাজ করে যে সম্পত্তি এই এনজিওটি অর্জন করেছে, তা ট্রাস্টের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হীড বাংলাদেশের সব স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্পত্তি আত্মসাৎ ও গ্রাস করার উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। এ জন্য এলগিন সাহা সম্পূর্ণ দায়ী।’ তদন্তে প্রমাণিত হয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর নামে আনা বৈদেশিক মুদ্রা অবৈধভাবে ‘হীড হ্যান্ডিক্রাফটস’ নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়েছে।সরকার ১৯৯০ সালে মিরপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (টিডব্লিউএ) ২০ কাঠা জমি দিয়েছিল। এলগিন সাহা আইন না মেনে এই জমি সাত কোটি ২০ লাখ টাকায় কিনেছেন। তাঁকে সহায়তা করেছেন টিডব্লিউএর কয়েকজন নেতা। এ বিষয়ে গত বছরের মে মাসে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। জমি ক্রয়সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে তদন্ত কমিটি বলেছে, ‘এলগিন সাহার বিরুদ্ধে টিডব্লিউএর জমি কিনে এক কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎসহ সংস্থার চার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’হীড বাংলাদেশের খুলনা অঞ্চলের একজন কর্মকর্তা বলেন, প্রায় চার হাজার মানুষ এই এনজিওতে কাজ করে। এর সুবিধাভোগী মানুষ প্রায় ৮৫ লাখ। একজন মানুষের দুর্নীতির কারণে এত মানুষের ক্ষতি যেন না হয়, সে জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।তদন্ত কমিটি বলেছে, বিদেশ থেকে টাকা এনে এলগিন সাহা ‘ওমেগা ফেলোশিপ চার্চ’ নামের একটি ধর্মীয় সংগঠন তৈরি করেন। এই চার্চ ধর্মান্তরকরণের কাজ করছে, এমন প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এলগিন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এলগিন সাহা নিয়োগবিধি লঙ্ঘন করে তাঁর ছেলে তীমন তীর্থ সাহাকে চাকরি দিয়েছেন, আত্মীয়দের নির্বাহী কমিটির সদস্য করেছেন। খুলনায় নিজের বোনকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য বোনের বাড়িতে হীডের কার্যালয় স্থাপন করেছেন। সিডর-উপদ্রুত ব্যক্তিদের জন্য টাকা এনে আত্মসাৎ করেছেন।