হীরার অর্থ লুটপাট করছেন মুগাবের লোকজন
হীরার বাণিজ্য তদারক করে এমন একটি প্রতিষ্ঠান দাবি করেছে, জিম্বাবুয়ের পূর্বাঞ্চলের একটি হীরার খনি থেকে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের হীরা খোয়া গেছে এবং তা শেষে জমা হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দলের নেতা ও আন্তর্জাতিক রত্ন ব্যবসায়ীদের পকেটে। আন্তর্জাতিক হীরা বাণিজ্য তদারককারী সংস্থা কিম্বারলি প্রোসেসের অন্যতম সদস্য পার্টনারশিপ আফ্রিকা-কানাডা এ বিষয়ে আজ সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, জিম্বাবুয়ের মারানজে খনিটি মুগাবের লোকজন লুটপাট করছেন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বড় হীরার আধার মারানজে খনির মোট আয়ের একটি বড় অংশ দেশের রাজস্ব খাতে জমা হয় না। প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো, যখন জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে সরকার রত্ন ব্যবসা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের মাধ্যমে সরকার এই বার্তা দিতে চাইছে, মুগাবের শাসনামলে দেশের রত্ন ব্যবসায় বিরাট সমৃদ্ধি সাধিত হয়েছে।