হুইটনি কন্যা ক্রিস্টিনা নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত মার্কিন পপতারকা হুইটনি হিউস্টনের শেষকৃত্য অনুষ্ঠান আয়োজিত হয়েছিল জন্মস্থান নিউইয়র্কের নিউ আর্কের নিউ হোপ ব্যাপ্টিস্ট চার্চে। মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের পর থেকেই নিখোঁজ রয়েছেন হুইটনির ১৮ বছর বয়সী মেয়ে ববি ক্রিস্টিনা। সাড়ে তিন ঘণ্টাব্যাপী হুইটনির শেষকৃত্য অনুষ্ঠানে ক্রিস্টিনা তাঁর নানির সঙ্গেই ছিলেন। এক খবরে পিটিআই জানিয়েছে, হুইটনির শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর থেকেই ববি ক্রিস্টিনার খোঁজ মিলছে না।অবশ্য বিষয়টি নিয়ে হুইটনি পরিবার খুব বেশি বিচলিত নন। জানা গেছে, হুইটনির রহস্যময় ও আকস্মিক মৃত্যুর পর থেকেই ক্রিস্টিনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁদের ধারণা, এ সময়টাতে ক্রিস্টিনার একা থাকাটাই ভালো। আর তাই ববির নিখোঁজ হওয়ার ব্যাপারে বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে তাঁরা মনে করেন না। তাঁরা এও আশ্বস্ত করেছেন ববি যেখানেই থাকুক না কেন ভালোই আছে।উল্লেখ্য, বেভারলি হিলসের একটি হোটেলের স্নানঘর থেকে গত ১১ ফেব্রুয়ারি শনিবার হুইটনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর বিমানে করে তাঁর মৃতদেহ নিউ জার্সিতে আনা হয়। পরে একটি সোনালি রঙের যানে করে মৃতদেহ শেষকৃত্যের জন্য নেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি শনিবার হুইটনির পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অন্তত দেড় হাজার লোকের উপস্থিতিতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্টিভ ওয়ান্ডার, কেভিন কসনার, ডিওন ওয়ারউইকসহ হলিউডের অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন সেখানে।হুইটনি হিউস্টনের শেষ ইচ্ছা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রোববার বাবা জন হিউস্টনের পাশে সমাধিস্থ করা হয়।