হুইটনির শেষ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের সুরে সুরে বিদায় জানানো হলো গানের পাখি হুইটনি হিউস্টনকে। গত শনিবার জন্মস্থান নিউইয়র্কের নিউ আর্কের নিউ হোপ ব্যাপ্টিস্ট চার্চে চিরশায়িত হলেন এই তারকা। শেষ হলো এক কিংবদন্তির আখ্যান। হুইটনিকে শেষ বিদায় জানাতে সেদিন সেখানে ছিলেন তাঁর পরিবারের সদস্য, বন্ধু-স্বজন এবং সংগীত ও অভিনয় জগতের অনেক তারকা। ১৯৯২ সালে দ্য বডিগার্ড ছবিতে হুইটনির সঙ্গে অভিনয় করেছিলেন কেভিন কস্টনার। সহশিল্পীকে বিদায় জানাতে এসে বললেন, ‘হুইটনি সত্যিই ঘরে ফিরলেন, যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু।’ অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্ঞাতি বোন ডিওনে ওয়ারউইক আবৃত্তি করলেন একটি কবিতা। সবার সামনে উপস্থাপন করলেন হুইটনির সংক্ষিপ্ত জীবনকাহিনি। অ্যালিসিয়া কিজ ‘প্রিল্যুড টু অ্যা কিস’ গানটি গাওয়ার আগে বললেন, ‘তিনি অবশ্যই সবার হূদয়ে থাকবেন।’ এ ছাড়া সংগীতশিল্পী-গীতিকার স্টিভি ওন্ডার এবং আর কেলিও এসেছিলেন হুইটনিকে বিদায় জানাতে। চার ঘণ্টার ওই অন্ত্যেষ্টিক্রিয়ার পুরোটুকুই টিভি চ্যানেল ও ইন্টারনেটে সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছিল হুইটনির পরিবার। তবে কড়াকড়ি ছিল পুলিশের। ঘোষণা দেওয়া ছিল, ভক্তরা যেন সেখানে না আসেন। তবে শেষ বিদায় বলে কথা, প্রাণের টানে অনেক দূর থেকেও এসেছিলেন অনেক ভক্ত-শ্রোতা। হুইটনির সমাধিতে তাঁরা রেখে গেছেন ফুল, কার্ড এবং ভালোবাসা। রয়টার্স।