অভয়নগরে ভবদহের বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণে বিরোধিতা
হুইপ, উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা
যশোরের অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামে গতকাল শনিবার জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এতে তাঁরা দুজনসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। চেয়ারম্যানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলার ভবদহের বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম—টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নির্মাণের অংশ হিসেবে একটি বাঁধ তৈরির কাজ শুরুর জন্য হুইপ ও চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে জোয়ারাধার নির্মাণের বিরোধীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তিনটি জিপ, তিনটি মোটরসাইকেল ও তিনটি নছিমন পুড়িয়ে দেওয়া হয়।এ হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।হুইপ শেখ আবদুল ওহাব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে ভবদহে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা জরুরি। এ জন্য কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে জোয়ারাধার নির্মাণের প্রক্রিয়া চলছে। স্থানীয় কৃষকেরা এর বিরোধিতা না করলেও একশ্রেণীর ঘেরমালিক বিরোধিতা করছেন। তাঁরাই আমাদের ওপর হামলা করেছেন।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে বাঁধ নির্মাণের কাজ শুরুর জন্য যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, সংশ্লিষ্ট ঠিকাদার ও শ্রমিকেরা গতকাল সকালে কালিশাকুল গ্রামে পৌঁছান। কিছু সময় পর স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবদুল ওহাব, চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ রামদা, চাপাতি, হাঁসুয়া ও লাঠি নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে হুইপ ওহাব, চেয়ারম্যান মালেক, যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, মনিরামপুর উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক বিষ্ণুপদ দত্ত, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, স্কুলশিক্ষক সোহরাব হোসেন, হুইপের নিরাপত্তায় থাকা অভয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌস হোসেনসহ অন্তত ২৬ জন আহত হন। হামলাকারীরা পাউবোর তিনটি জিপ, তিনটি মোটরসাইকেল ও তিনটি নছিমনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চেয়ারম্যান মালেককে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান হাত ভেঙে গেছে। আহত স্কুলশিক্ষক সোহরাব হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহা জানান, তাঁরা ১৪ জনকে চিকিৎসা দিয়েছেন। পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষুব্ধ জনগণ দুপুর ১২টা থেকে বেলা প্রায় তিনটা পর্যন্ত নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। জনতা সমাবেশ করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের অপসারণ দাবি এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করে। অবরোধ ও সমাবেশের সময় আতঙ্কে নওয়াপাড়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।চেয়ারম্যান মালেক বলেন, ‘টিআরএম করা না গেলে পুরো এলাকা ডুবে যাবে। এলাকার কিছু স্বার্থান্বেষী টিআরএমের কাজে বাধা দিচ্ছে। তারা আমার হাত ভেঙে দিয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘পুলিশ ভূমিকা রাখলে আমাদের মার খেতে হতো না।’আওয়ামী লীগের নেতা বিষ্ণুপদ দত্ত বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে দুই শতাধিক নারী-পুরুষ অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। আমার মাথা ফেটে গেছে। কোনোভাবে প্রাণে বেঁচে গেছি।’উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের তিনটি জিপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’ঘটনাস্থলে উপস্থিত যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থল উন্মুক্ত এলাকা। চারদিক থেকে হঠাৎ আক্রমণ করলে আমরা ঠেকানোর চেষ্টা করি। কিন্তু তারা বাধা মানেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি রাবার বুলেট ছোড়া হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।’ তিনি জানান, বিকেলে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় অভয়নগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হুইপ ওহাবের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে আজ সকাল সাতটার মধ্যে অভয়নগর থানার ওসি আহসান হাবিব ও মনিরামপুর থানার ওসি মো. ছয়রুদ্দিনকে অপসারণের সময় বেঁধে দেওয়া হয়। তাঁর দুজন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও যথাযথ ব্যবস্থা নেননি বলে বৈঠকে অভিযোগ করা হয়।যে কারণে জোয়ারাধার: পানি বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে জোয়ার-ভাটা সৃষ্টি করে জমিতে পলি ফেলে জমি উঁচু করার প্রক্রিয়াকে জোয়ারাধার বলা হয়। এর মাধ্যমে জোয়ারের সঙ্গে আসা পলি জমিতে পড়ে এবং ভাটার টানে বেরিয়ে যাওয়া পানি নদীর নাব্যতা বাড়ায়।জোয়ারাধার চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। জোয়ারাধারের মাধ্যমে হরি নদীসহ আরও তিনটি নদী থেকে যে পলি আসে, তা বিলে জমা হবে। এতে বিল উঁচু হবে ও নদীর নাব্যতা বাড়বে। জোয়ারাধার না হলে এই পলি নদীতে পড়বে। ফলে নদী নাব্যতা হারাবে। আর নাব্যতা হারালে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও যশোর সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বৃষ্টির পানিতে ভয়াবহ জলাবদ্ধতার শিকার হবে।তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়ে বিলটিতে প্রস্তাবিত জোয়ারাধারের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে পাউবো। আর এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিল কপালিয়ার জমির মালিক কয়েক হাজার কৃষক।পাউবোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন বছরের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ ক্ষতিপূরণ নিয়েছেনও। তিনি বলেন, প্রকৃত জমির মালিক ও কৃষকেরা ক্ষতিপূরণ নেওয়া ও জোয়ারাধারের পক্ষে। জমির মালিক নন, কিন্তু দখলে রেখেছেন, এমন ব্যক্তিরা বিরোধিতা করছেন। এ ছাড়া কিছু ঘেরের মালিক জোয়ারাধারের বিরুদ্ধে কৃষকদের ক্ষুব্ধ করে তুলছেন বলে অভিযোগ আছে।