সরকারদলীয় হুইপ শেখ আবদুল ওহাবের নির্বাচনী এলাকা যশোরের কেশবপুর-অভয়নগরে চাঁদাবাজি একপ্রকার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।অভিযোগ পাওয়া গেছে, এ দুই উপজেলায় সরকারের উন্নয়ন বরাদ্দ পেতে হলে বরাদ্দের ২৫ শতাংশ দলীয় তহবিলে দিতে হয়। সার, ওএমএস, ফেয়ার প্রাইস কার্ড ও টিসিবির ডিলার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য টাকা দিতে হয় স্থানীয় আওয়ামী লীগের হুইপের ঘনিষ্ঠ নেতাদের। আর অভয়নগরে হুইপের নামে প্রতিষ্ঠিত কলেজের নামে নেওয়া হয় টাকা বা নির্মাণসামগ্রী।দলীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে এভাবে দলীয় তহবিলে জমা হওয়া টাকা থেকে কেশবপুর ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের জন্য জমি কেনা হয়েছে।অবশ্য দলীয় কার্যালয়ের জমি কেনা প্রসঙ্গে সাংসদ ওহাব প্রথম আলোকে বলেন, ‘ওই জমি কেনার টাকা আমি নিজের পকেট থেকে দিয়েছি। এলাকায় আমার প্রচুর কৃষিজমি আছে। সেখান থেকে আসা আয় ও সাংসদ হিসেবে পাওয়া সম্মানী দিয়ে দলের জন্য জমি কিনেছি।’ আর কলেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীদের দেওয়া জমি, ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে কলেজ স্থাপন করেছি।’হুইপ ওহাবের বাড়ি অভয়নগরের সিঙ্গাইর গ্রামে। নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় তিনি নামের আগে অধ্যক্ষ ব্যবহার করলেও পেশা উল্লেখ করেন কৃষিজীবী।বিভিন্ন সূত্রে জানা যায়, গত অর্থবছরে কেবল কেশবপুরের কেশবপুর ডিগ্রি কলেজসহ ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৬ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, এসব নিয়োগের ক্ষেত্রে পদ ও দলভেদে বিভিন্ন অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন হুইপের ঘনিষ্ঠ নেতারা। আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে ৫০ হাজার থেকে তিন লাখ এবং বিএনপি-জামায়াত কর্মীদের কাছ থেকে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে নিয়োগ পাওয়া এসব ব্যক্তির কেউই চাকরি যাওয়ার ভয়ে ঘুষ দেওয়ার বিষয়ে মন্তব্য করেননি।সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কেশবপুরে গত দুই বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকদের ২০ জন বিএনপির সমর্থক ও কর্মী, ১৪ জন আওয়ামী লীগের সমর্থক ও আটজন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কেশবপুর ডিগ্রি কলেজসহ চারটির পরিচালনা কমিটির সভাপতি হলেন হুইপ। নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাদের ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ ওহাব বলেন, ‘আমি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না। নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়ার একটি অভিযোগ আমার কাছে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে তা বাতিল করে দিয়েছি।’মন্দিরও বাদ পড়েনি: অভিযোগ পাওয়া গেছে, হুইপের নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন বরাদ্দ পেতে উপজেলা আওয়ামী লীগের তহবিলে বরাদ্দের ২৫ শতাংশ দিতে হয়। উপজেলা আওয়ামী লীগের প্যাডে এর হিসাব রাখা হয়। প্রথম আলোর হাতে আসা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের প্যাডে দেখা গেছে, ১২টি প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৮৩ হাজার টাকা এবং তিন ব্যক্তির কাছ থেকে ৩১ হাজার টাকা নেওয়ার বিষয়ে উল্লেখ আছে। এর মধ্যে ত্রিমোহনী নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪০ হাজার, সাগরদাঁড়ি মধু সংগীত একাডেমি ৪০ হাজার, প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় ৪৫ হাজার, আওয়ালগাতী যুব সংঘ ১৯ হাজার, হাঁড়িয়াগোপ যুব সংঘ ও কাঁকিলাখালী উত্তম দাসপাড়া মন্দির ২০ হাজার, কন্দপপুর সবুজ সংঘ ১৯ হাজার, মাগুরখালী বঙ্গবন্ধু ক্লাব ২০ হাজার, চুয়াডাঙ্গা বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় ২০ হাজার, মঙ্গলকোট ফ্রেন্ডস ক্লাব ১৫ হাজার, পাজিয়া এস এম মাধ্যমিক বিদ্যালয় ৪৪ হাজার এবং ভেরচি মুক্তি সংঘের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। ওই তিন ব্যক্তির মধ্যে মীর গোলাম সারোয়ার, সালমা বেগম ও আনোয়ার বেগমের কাছ থেকে যথাক্রমে ১২, ৯ ও ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে আসা উন্নয়ন বরাদ্দ থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।কেশবপুরের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, দলীয় তহবিলে জমা হওয়া চাঁদার টাকা দিয়ে কেশবপুর বাজারে আট লাখ টাকায় ১০ শতক জমি কেনা হয়েছে। এ জমিতে দোতলা দলীয় কার্যালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রেজাউর রহমান হলেও এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সহসভাপতি তপন কুমার ঘোষ।এ বিষয়ে রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘চাঁদা তোলায় যাতে বিশৃঙ্খলা না হয়, সে জন্য এমপি সাহেব নিয়ম করে দিয়েছেন। প্রতি টন চাল-গম বরাদ্দ নিতে এক হাজার টাকা ও প্রতি ডিলারকে পাঁচ হাজার টাকা করে দলের তহবিলে জমা দিতে হয়। এই টাকা দিয়ে দলীয় অনুষ্ঠান ও কার্যক্রম চালানো হয়।’তবে কেশবপুর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন সরকারি বরাদ্দ থেকে দলীয় তহবিলে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া আট লাখ টাকা দিয়ে দলের জন্য জমি কেনা হয়েছে।জানা গেছে, অভয়নগরে নওয়াপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় করার জন্য কেনা জমির অর্থের উৎসও সরকারি বরাদ্দ ও নিয়োগ থেকে নেওয়া চাঁদা ও ঘুষ।কলেজের বর্ধিত ভবনের জন্য পুকুর ভরাট: অভয়নগরের সিঙ্গাইর গ্রামে প্রায় দুই একর জমিতে সাংসদ ওহাবের নামে প্রতিষ্ঠিত হয়েছে শেখ আবদুল ওহাব মডেল কলেজ। কলেজের বর্ধিত ভবন নির্মাণ করা হয়েছে পুকুর ভরাট করে। গত দুই বছরে জেলা পরিষদের নামে আসা ১৪ লাখ টাকার পুরোটাই সাংসদ এই কলেজের নামে বরাদ্দ দিয়েছেন।অভিযোগ রয়েছে, অভয়নগরে টিআর, কাবিখাসহ সরকারি বরাদ্দ বা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে এই কলেজের জন্য টাকা বা ইট, বালু, সিমেন্ট, রড দিলেও চলে।অবশ্য হুইপ বলেন, তাঁর বন্ধুবান্ধব কলেজের জন্য ইট, বালু, রড ও সিমেন্ট দিয়েছেন।ওই কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার বলেন, সাংসদের শুভানুধ্যায়ীরা কলেজের জন্য জমি দিয়েছেন। সেখানে একটি পুকুর থাকায় তা ভরাট করে বর্ধিত ভবন নির্মাণ করা হয়েছে। ভবন নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট, রড ও নগদ টাকা অভয়নগরের ব্যবসায়ীরা দিয়ে যান। এ জন্য আলাদা রেজিস্টার খাতা রাখা হয়েছে।