হুইল চেয়ারে বিশ্বভ্রমণে বেরোলেন মহরম
শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশি যুবক মহরম আলী হুইল চেয়ারে করে বিশ্বভ্রমণ শুরু করেছেন। আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে যাত্রা সূচনা করেন।প্রতিবন্ধীদের জন্য ‘বিশ্ব প্রতিবন্ধিতা তহবিল’ গঠনের ব্যাপারে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে তাঁর এ যাত্রা বলে মহরম আলী জানিয়েছেন।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, মহরম আলী এশিয়া, ইউরোপ ও আমেরিকায় ১৬টি দেশ ভ্রমণ করবেন। তিনি আকাশ পথ পরিহার করবেন। নিজের হুইল চেয়ারে করে তিনি বাস, ট্রেন ও জাহাজে চড়ে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ভ্রমণ করবেন এবং মোট ১৮ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। এ যাত্রা উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানটির প্রধান ভ্যালোরি টেইলর এতে বক্তব্য দেন। প্রসঙ্গত, মহরমের বাড়ি নাটোরে। তিনি সিআরপিতে চাকরি করেন।