খালেদার সভামঞ্চের ২০ গজ দূরে দুর্ঘটনা, ট্রেনে আগুন-লুটপাট
হুইসেল উপেক্ষা, ট্রেনের নিচে ৬ প্রাণ
খালেদা জিয়ার জনসভামঞ্চের ২০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ সময় বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মী-সমর্থকেরা ট্রেনে আগুন ধরিয়ে দেন। ট্রেনের ভেতরে লুটপাটও করা হয়।গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার সিরাজগঞ্জ আগমন উপলক্ষে রেললাইনে শত শত মানুষ অবস্থান নিয়েছিল।রেল সূত্র জানায়, ট্রেনের চালক বারবার হুইসেল দেওয়ার পরও লোকজন রেললাইন থেকে সরেনি। দুর্ঘটনা আঁচ করতে পেরে একপর্যায়ে চালক ট্রেনটি থামিয়ে দেন। কিন্তু ততক্ষণে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে যায়। প্রথমে উত্তেজিত লোকজন ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয়। এরপর একে একে ছয়টি বগি ও ইঞ্জিনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।ঘটনার সময় খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা যমুনা সেতুর পূর্ব পারে যমুনা রিসোর্টে অবস্থান করছিলেন। হতাহত ব্যক্তিরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হয়েছিলেন। খালেদা জিয়া যখন গাড়িবহর নিয়ে সমাবেশস্থলে পৌঁছান, তখনো সমাবেশমঞ্চের ৩৫-৪০ গজ দূরে একটি লাশ ও একটি খণ্ডিত পা পড়ে ছিল।এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত ট্রেনটি তখনো ঘটনাস্থল থেকে সরানো হয়নি।নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সুরত আলী (৬০) ও শাবান আলী (৬৫), কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের ফারুক (৩৮), টাঙ্গাইল জেলার কামারকুমিল্লি গ্রামের বাচ্চু (৫০) ও এনায়েতপুর থানার চেংটার টর গ্রামের ঠান্ডু (৫৫)। ঠান্ডু পরে হাসপাতালে মারা যান। নিহত অপর ব্যক্তির লাশ এক ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে পড়ে ছিল। গুরুতর আহত ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের রইছউদ্দিনকে (৩৮) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এ ঘটনায় আহত হয়েছেন।ট্রেনের সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) রাজ গোবিন্দ গণপিটুনিতে আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ট্রেনের চালক (লোকো মাস্টার) নাছিরউদ্দিন আত্মরক্ষায় পাশের একটি গ্রামে আশ্রয় নেন। তিনি ভালো আছেন বলে রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন।সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা চারটি লাশ পেয়েছি। ছড়িয়ে-ছিটিয়ে আরও কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। ট্রেনের চালক ও গার্ড নিখোঁজ আছেন।’স্বৈরাচার পতন আন্দোলনে নিহত শহীদ জেহাদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে সমাবেশের আয়োজন করে। সয়দাবাদ রেলগেট নামক স্থানে এই সমাবেশ চলছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন ওই স্থান দিয়ে যাচ্ছিল। রেললাইন ও সমাবেশমঞ্চের মধ্যে দূরত্ব কম হওয়ায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা নেতা-কর্মীদের অনেকেই লাইনের ওপর দাঁড়িয়ে বা বসে ছিলেন। ট্রেনটি হুইসেল দিতে দিতে খুব কাছে এসে পৌঁছালেও অনেকে সেখানেই অবস্থান করেন। এতে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। অনেককে আহতাবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।ট্রেনটি ধীরগতিতে ঘটনাস্থল পার হওয়ার সময় বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা পাথর নিক্ষেপ করে ট্রেনের কাচ ও জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে মঞ্চ থেকে প্রায় ২০০ গজ দূরে ট্রেনটি থেমে যায়। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে তাঁরা ভেতরে ঢুকে চালক ও কর্মীদের মারধর করতে থাকেন। এ সময় আতঙ্কগ্রস্ত যাত্রীরা দিগ্বিদিক ছুটতে থাকে। ইট-পাথরের হামলায় অনেক যাত্রীর মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। অনেক যাত্রী অভিযোগ করেন, তাঁদের টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে।বিএনপির বক্তব্য: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ দাবি করেন, ‘উল্লাপাড়ায় সমাবেশ করার জন্য প্রথমে জায়গা নির্বাচন করা হলেও সেখানে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টার আসার কারণে করা হয়নি। পরে এই স্থানে সমাবেশ করার জন্য আগে থেকে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে, দুপুর দুইটার পর থেকে সাতটা পর্যন্ত কোনো ট্রেন এই লাইনে চলবে না।’ একই দাবি করেন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন।তবে পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। কে তাঁদের এ কথা জানিয়েছেন, তা বলতে পারব না।’ রেল কর্তৃপক্ষ বলেছে, রেললাইনের আশপাশে জনসভার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।প্রত্যক্ষদর্শী ছাত্রদলের স্থানীয় নেতা সোহেল রানা জানান, ‘ট্রেন খুব কাছে আসার পর হুইসেল বাজিয়েছে। রেললাইনের ওপর বসা ও দাঁড়ানো মানুষ বুঝতে পারেনি, ট্রেন আসছে।’ঘটনাস্থল থেকে এক কিলোমিটার পশ্চিমে সদানন্দপুর স্টেশন। সেখানকার একজন কর্মী জানান, এটি আন্তনগর ট্রেন। ট্রেনটি সদানন্দপুর স্টেশনেও থামে না। ট্রেনটি দ্রুতগতিতে যাবে—এটাই স্বাভাবিক।নাজমা আক্তার নামের এক আহত যাত্রী জানান, ‘হঠাৎ করেই ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। আমি তখন ঘুমিয়ে ছিলাম। কপালে পাথর লাগে। ট্রেনটি থামতেই হুড়মুড় করে লোকজন ট্রেনের ভেতরে ঢুকতে থাকে। তারা কারও কারও ব্যাগ, সুটকেস নিয়ে গেছে।’হাজার হাজার নেতা-কর্মী যখন ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছিলেন, তখন সেখানে অল্পসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। পরে অতিরিক্ত পুলিশ এসে ৫০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সমাবেশস্থলের পাশে যানজটে আটকে পড়া বেশ কিছু বাস-মাইক্রোবাস এমনকি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়ারেস জানান, পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন।ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ট্রেনের আগুন নেভাতে সক্ষম হয়। রাস্তা বন্ধ করে রাখায় আগুন নেভাতে দেরি হয়েছে বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক হায়দার আলী জানান। তিনি বলেন, তাঁদের তিনটি গাড়ি ভাঙচুর ও পানির পাম্প নষ্ট করা হয়েছে। তাঁদের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন।দুর্ঘটনার সময় ট্রেনটিতে যাত্রী হিসেবে ছিলেন বগুড়া রেলস্টেশনের মাস্টার বেনজিরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি ঘণ্টায় ৭০-৭৫ কিলোমিটার গতিতে চলছিল। দূর থেকে রেললাইনের ওপর বিপুল মানুষ দাঁড়িয়ে থাকতে দেখেই চালক ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিছুদূর গিয়ে ট্রেনটি থেমেও যায়। কিন্তু ততক্ষণে দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার পরপরই মানুষ ট্রেনে ঢিল ছুড়তে শুরু করে। তখন সব যাত্রী ট্রেনে শুয়ে পড়ে। পাথর ছোড়ার কারণে অনেকে আহত হয়। বেনজিরুল দেড় ঘণ্টা পর তাঁর আত্মীয়স্বজনকে খুঁজে পান।তদন্ত কমিটি: এই দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী। অন্য সদস্যরা হলেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও রেলওয়ে পুলিশের সিরাজগঞ্জ থানার ওসি বিমল কুমার চাকী।