হুকুম দিয়ে আন্দোলন করা যায় না: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘যাঁরা ক্ষমতায় গিয়ে দল বানিয়েছে, তাঁরা আর যাই হোক আন্দোলন করতে পারে না। আন্দোলন শিখতে হলে আওয়ামী লীগের কাছেই আসতে হবে। হুকুম দিয়ে আন্দোলন করা যায় না।’ আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠনের আলোচনা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, ‘বিএনপি রাষ্ট্র ও বিচার বিভাগের বিরুদ্ধে হরতাল দিয়েছে। সরকার যদি অসাংবিধানিক আচরণ করে, সাংবিধানিক অধিকারগুলো রুদ্ধ করে দেয়, তাহলেই সে সরকারের বিরুদ্ধে হরতাল করা যায়। কিন্তু বিএনপি হরতাল করেছে বিচার ব্যবস্থার বিরুদ্ধে। একটি বাড়ি, দুটি ছেলে—এটা কোনো ব্যক্তির অবস্থান হতে পারে, এজন্য জাতি ভুগবে কেন?’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার বাড়ির বিষয়ে আগামী ২৯ নভেম্বর শুনানি হবে। এর পরের দিন ৩০ নভেম্বর হরতালের মানে কী?’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ পিটিশন করেছেন। সেটা গৃহীত হবে কি না সেটা শুনানির পরই বলা যাবে। গৃহীত হলেই বোঝা যাবে সেটি বিচারাধীন মামলা। এর আগে আপনার মামলা বিচারাধীন নয়। কেন আদালত অবমাননার মামলা করেছেন?’আওয়ামী লীগ নেতা বলেন, ‘জনগণ বহু হরতাল দেখেছে। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল দেখেনি। রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল হলে জনগণ একদিন তা প্রতিহতও করতে পারে।’