হুকুমের আসামি করা হবে আপনাকে: খালেদা (ভিডিও)
বিরোধী দলের নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি নাকি এক নম্বর টার্গেট। এসব ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে লাভ হবে না।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতা থেকে যখন বিদায় নেবেন, তখন জনগণের এমন তাড়া খাবেন যে মুখ দেখাতে পারবেন না। হুকুমের আসামি করা হবে আপনাকে (প্রধানমন্ত্রী)।’ আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। সাতক্ষীরা সফরকালে গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ ও ৪ মার্চের সহিংসতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় নিহত ১২ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেন তিনি। সদরের সমাবেশে খালেদা জিয়া প্রায় ৪০ মিনিট বক্তব্য দেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও নিন্দা করেন। কটূক্তিকারীদের জামাইআদর করছে সরকার খালেদা জিয়া অভিযোগ করেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যারা কটূক্তি করেছে, তাদের সাজা না দিয়ে সরকার জামাইআদরে লালন পালন করছে। আর কটূক্তিকারীদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের আন্দোলনে বাধা দেওয়ার নানা চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘নবীজী সম্পর্কে কেউ কোনো কটূক্তি করলে আমাদের প্রত্যেকের মনে লাগবে।’হেফাজতের কর্মসূচিতে বাধা কেন? বিরোধীদলীয় নেতা বলেন, হেফাজতে ইসলাম কটূক্তিকারীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে। হেফাজতে ইসলামের কর্মসূচি বানচালে সরকার নানা ধরনের চেষ্টা চালাচ্ছে। হরতাল দিয়ে অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন, অথচ এর আগে তাদের (সরকারের) লাইনের দুটি সংগঠন দুটি সমাবেশ করেছে। সেখানে কোনো বাধা দেওয়া হয়নি। তিনি প্রশ্ন করেন, হেফাজতের কর্মসূচিতে বাধা দেওয়া হবে কেন? শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার তো তাদের আছে। বাধা দিয়ে সরকার অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে দায় সরকারকে নিতে হবে।’আরও হরতাল হবেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, হরতাল হয়েছে আরও হরতাল হবে। কিন্তু বিএনপি হরতাল দিতে চায় না। সরকারকে বলব, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তাহলে আর হরতালের প্রয়োজন হবে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দুমুখো সাপের চেয়েও খারাপ। এদের লজ্জা শরম নেই। নিজেদের স্বার্থে যখন যা প্রয়োজন, তা-ই বলে। এদেরকে কেউ বিশ্বাস করবেন না।’নাচ-গান করালেই আসল তরুণ না খালেদা জিয়া শাহবাগের আন্দোলনরত তরুণদের দিকে ইঙ্গিত করে বলেন, টাকাপয়সা দিয়ে, ভাড়া করে এনে নাচগান করালেই হয় না, ওরা আসল তরুণ না। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার একদলীয় সরকার চায়। এ জন্য দল নিষিদ্ধ করতে চায়। তিনি বলেন, ‘শুনতে পাচ্ছি দুর্নীতিবাজ এই সরকারের অনেকেই নাকি বিদেশে বাড়ি-গাড়ি কিনছেন, পরিবার পাঠিয়ে দিচ্ছেন। কেউ কেউ তো টিকিট পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের অনেকে জড়িত আছেন।’হরতালে কি মিছিল করা যাবে না?হরতালের সময় পুলিশের গুলিতে নিহতের ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলের নেতা বলেন, ‘হরতালের সময় কি মিছিল করা যাবে না, পিকেটিং করা যাবে না।’ তিনি বলেন, দেশ অচল হয়ে গেছে। এই সরকার ডুবন্ত, এদের পায়ের নিচে মাটি নেই। এই দুর্বল সরকারকে রাখা যায় না। এখন দেশ কঠিন সময় পার করছে।’ অন্য দেশের হাতে সব তুলে দিয়ে এরা ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি। জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জামায়াতের জেলা আমির আবদুল খালেক, জামায়াতের সাংসদ শামসুল ইসলাম। খালেদা জিয়াকে স্বাগত জানাতে যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় দুই পাশে ১৮ দলের নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় মানবতাবিরোধী অপরাধী ও অভিযুক্তদের মুক্তির দাবিতে নারীদের হাতে ছিল ব্যানার ও পোস্টার।এর আগে দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া পাইলট স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আপনাদের হোম মিনিস্টার বেশি কথা বলছেন। তিনি নিজেই একদিন ধরা খাবেন। বর্তমান হোম মিনিস্টার একজন সবচেয়ে বড় রাজাকার। তারা যে রাজাকারের ফাঁসি চায়, শাস্তি চায়; আমরা বলব, আপনি আপনার হোম মিনিস্টারের বিচার করে আগে শাস্তিটা দিয়ে দেন। আমরা বলব, আপনি নিরপেক্ষ। কিন্তু সেটা করার সাহস কি আপনার আছে? আপনার দলে এমন বহু আরও আছে। আমরা সেগুলো দেখিয়ে দিতে পারব। বিচার হবে। আমরা করব বিচার। সেই বিচার হবে আন্তর্জাতিক মানের, স্বচ্ছ। সেখানে কোনো দলমত দেখা হবে না। যারা সত্যিকারের রাজাকার ছিল, যুদ্ধাপরাধী ছিল, মানবতাবিরোধী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান সরকার খুনি ও লুটেরা সরকার। তারা তাদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে উন্মাদ হয়ে মানুষ খুন করছে। সরকারের হাতে মানুষ ঘরে-বাইরে, ব্যবসাপ্রতিষ্ঠানে, এমনকি কর্মস্থলেও নিরাপদ নয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার দুর্নীতিকে ধামাচাপা দিতেই মানুষ খুনে নেমেছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আরে, অন্যায় যে করবে, বিচার তো তার হবেই। কিন্তু সেই বিচার হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। অবশ্যই আমরা বিচার চাই।’ এখন আদালতে গেলে বিচার পাওয়া যায় না বলেও দাবি করেন তিনি। খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানবতা লঙ্ঘনের অভিযোগে এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সব মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আদালত গঠন করা হবে। ওই আদালতে যেই রাজাকার হোক না কেন, তার বিচার করা হবে বলে দাবি করেন খালেদা জিয়া। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মঈন খান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।