হুগো চাভেজ দ্বিতীয় দফায় কেমোথেরাপি নেবেন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল শুক্রবার বলেছেন, তিনি দ্বিতীয়বারের মতো কেমোথেরাপির জন্য প্রস্তুত হচ্ছেন। নিজ দল সোশ্যালিস্ট পার্টির সভায় পাঠানো এক ফোন বার্তায় তিনি এ কথা জানান। ওই বার্তায় হুগো চাভেজ দাবি করেন, ক্যানসারের কোষ দূর করার জন্য প্রথম কিস্তির কেমোথেরাপি গ্রহণ তিনি সফলভাবে সম্পন্ন করেছেন।চাভেজ বলেন, ‘আমি কেমোথেরাপির প্রথম পর্ব শেষ করেছি। সেটা সফলভাবে শেষ হয়েছে। ক্ষতিকর কোষকে পরাজিত ও যেকোনো ধরনের ঝুঁকি দূর করতে এখন দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত হচ্ছি।’হুগো চাভেজ টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, গতকাল শুক্রবার আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা তাঁকে দেখতে গিয়েছিলেন। তিনি ম্যারাডোনার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।শরীরে দেখা দেওয়া টিউমার দূর করতে হুগো চাভেজ অস্ত্রোপচারের উদ্দেশ্যে গত মাসে কিউবার রাজধানী হাভানায় যান। চিকিত্সার জন্য সেখানে দীর্ঘদিন অবস্থান করায় ভেনেজুয়েলায় এ নিয়ে গুজব সৃষ্টি হয়। আগামী বছরের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা নিয়েও জনমনে সংশয় দেখা দেয়। ভেনেজুয়েলার এক জরিপে দেখা গেছে, দেশটিতে চাভেজের এখনো ৫০ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। গত সপ্তাহের শেষে চিকিত্সার উদ্দেশ্য চাভেজ কিউবা যান। এ সময় তিনি তাঁর কিছু ক্ষমতা দেশটির উপ-প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।দ্বিতীয়বার কিউবা যাওয়ার আগে চাভেজ সুস্থ হয়ে ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি কোন ধরনের ক্যানসারে ভুগছেন এবং কত দিন তাঁকে চিকিত্সা নিতে হবে, তা জানাননি। রয়টার্স।