হুগো শাভেজের ক্ষমতা বাড়ালো ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ক্ষমতা বৃদ্ধি করেছে দেশটির পার্লামেন্ট। দেশটিতে সংঘটিত ভয়াবহ বন্যা মোকাবিলায় শাভেজ এখন থেকে স্বীয় ক্ষমতাবলে যেকোনো আইন পাস করতে পারবেন। ক্ষমতায় আরোহণের এক যুগের মাথায় এ নিয়ে চতুর্থবারের মতো শাভেজকে এমন ক্ষমতা দেওয়া হলো।তবে, বিরোধীরা শাভেজকে এমন ক্ষমতা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, এর ফলে ভেনেজুয়েলা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছে। তাঁরা বলেছেন, বন্যার সুযোগ গ্রহণ করে শাভেজ নিজের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার পাঁয়তারা করছেন।ভেনেজুয়েলাতে সম্প্রতি বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন ব্যক্তি নিহত হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত এক লাখ ৪০ হাজার লোক গৃহহীন হয়েছে। বন্যার ভয়াবহতা বিচার করেই শাভেজের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।ভেনেজুয়েলা পার্লামেন্টের স্পিকার সিলিয়া ফ্লোরেস বলেন, পার্লামেন্টের সদস্যরা বন্যায় দুর্দশাগ্রস্তদের জন্য যথার্থই ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, এর ফলে তাঁরা ছোট-বড় রাস্তাঘাট, জনসেবা, বিদ্যুত্সহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন।ফ্লোরেন্স বলেন, ‘আমরা তাদের (সাধারণ মানুষের) কথা শুনতে চাই।’এদিকে শাভেজ ইতিমধ্যে প্রায় ২০টি আইন ডিক্রি হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি।