হুজি নেতা আবদুস সালামকে ১০ দিনের রিমান্ডের আবেদন
হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা শেখ আবদুস সালামকে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানীর আদালতে এ আবেদন করা হয়। আদালত কাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।সিআইডির পুলিশ পরিদর্শক ফজলুল হক আবদুস সালামকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের এ আবেদন করেন।লস্কর-ই তাইয়েবার সদস্য ও জঙ্গি নেতা মোতালেব আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আবদুস সালাম আফগান যুদ্ধফেরত। যুদ্ধ শেষে দেশে ফিরে তিনি জঙ্গি সংগঠন গঠন করেন। তিনি দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও ব্যক্তিদের জঙ্গি প্রশিক্ষণ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সিআইডি আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।