হুজি নেতা ইয়াহিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা
হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ ইয়াহিয়া দুই সমর্থকসহ র্যাবের হাতে আটক হওয়ার ঘটনায় ভৈরব থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব-৯ ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে ডিএডি মোশারফ হোসেন মামলাটি করেন।সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৯-এর সন্ত্রাসী পরিকল্পনা, এ কাজের জন্য উপকরণ বহন ও সরবরাহ ধারায় মামলাটি দায়ের করা হয়। এতে হাফেজ মো. ইয়াহিয়াকে (৪৬) প্রধান অভিযুক্ত করা হয়। মামলার অপর অভিযুক্তরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জজ বাহার গ্রামের মো. বাহাউদ্দিন (২২) ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দেওয়াননগর গ্রামের ইয়ার মোহাম্মদ (৫০)।ভৈরব থানা সূত্র জানায়, র্যাব-৯ ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে গতকাল রাত ১১টার পর মামলার এজাহার জমা দেওয়া হয়। র্যাব সদর দপ্তর থেকে গতকাল রাতেই আটক ব্যক্তিদের ভৈরব থানা হেফাজতে নেওয়া হয়। আজ যেকোনো সময় তাঁদের কারাগারে পাঠানো হবে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘র্যাবের কাছ থেকে হাফেজ মো. ইয়াহিয়াসহ তিনজনকে বুঝে পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ কিশোরগঞ্জ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। আমাদের ধারণা, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা গেলে ইয়াহিয়ার বর্তমান জঙ্গি সম্পৃক্ততা ও নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় অভিযান চালিয়ে হাফেজ মো. ইয়াহিয়া এবং তাঁর দুই সহযোগী মো. বাহাউদ্দিন ও ইয়ার মোহাম্মদকে আটক করা হয়। রাতেই র্যাব সদর দপ্তর কার্যালয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়। গতকাল দুপুরে তাঁদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। র্যাবের দাবি, ইয়াহিয়া আফগানিস্তানে সোভিয়েত-বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখা মামলার আসামি। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে কিছু জিহাদি বই পাওয়া যায়। সাংগঠনিক কাজে তাঁরা কিশোরগঞ্জ যাচ্ছিলেন।