হুজি নেতা মাওলানা ফরিদ সাত দিনের রিমান্ডে
আদালত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা শেখ ফরিদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আজ বৃহস্পতিবার ফরিদের সাত দিনের মঞ্জুর করেছেন।এ মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই কর্মকর্তা রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিমকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে সিআইডি। আদালত শুনানি শেষে তাঁদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, ২০০৯ সালে গ্রেপ্তার হন হুজির শীর্ষ নেতা মাওলানা আবদুস সালাম ও মাওলানা শফিকুর। এর পরই হুজির দায়িত্ব নেন শেখ ফরিদ। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দেড় বছর থেকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন শেখ ফরিদ। নিজেকে আবদুর রশীদ নামে পরিচয় দিয়ে তিনি সেখানে ফলের বাগান করেছিলেন। তবে এর আগে গ্রেপ্তার হওয়া হুজির সদস্যরা র্যাবকে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, শেখ ফরিদ পাকিস্তানে অবস্থান করছেন। গত রোববার রাতে হুজির দ্বিতীয় সর্বোচ্চ নেতা (নায়েবে আমির) মাওলানা সাব্বির গ্রেপ্তার হওয়ার পর শেখ ফরিদের অবস্থান সম্পর্কে ধারণা পায় র্যাব। এরপর টানা ৪৮ ঘণ্টার চেষ্টায় তিনি ধরা পড়েন।র্যাবের কর্মকর্তারা জানান, রমনার বটমূলে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, তার আগে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা পুঁতে রাখার মামলার আসামি শেখ ফরিদ।এদিকে পৃথক একটি আদালত চিকিত্সক আজিজুর রহমান অপহরণ মামলায় হুজি নেতা মুফতি হান্নান ও মাইনউদ্দিনকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে তাঁদের কারাগারে পাঠানো হয়।