হুজি নেতা সাব্বির আরও পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আরও পাঁচ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সিআইডি সাব্বিরকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম কেশব রায়চৌধুরী পাঁচ দিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, জঙ্গি তত্পরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ এপ্রিল সাব্বিরকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে জঙ্গি নেতা মাওলানা মঈন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় গত বছরের ১০ অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে জান্দাল ২০০১ সালে সিপিবির সমাবেশে বোমা হামলায় জড়িত হিসেবে সাব্বিরের নামও বলেন।ওই জবানবন্দির ভিত্তিতে সাব্বিরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে বোমা হামলার বিষয়ে অনেক তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।