হুজির অন্যতম শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া গ্রেপ্তার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হুজির অন্যতম শীর্ষস্থানীয় নেতা হাফেজ মো. ইয়াহিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। একই সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর থেকে তাঁদের আটক করা হয়। আজ দুপুর ১২টার দিকে ঢাকায় র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁদেরকে হাজির করা হবে।আটক অন্য দুজন হলেন—হাই মোহাম্মদ (৫৫) ও বাহাউদ্দিন (৩৮)। তাঁরা ইয়াহিয়ার সহযোগী। র্যাবের দাবি, ইয়াহিয়া নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাটে। ইয়াহিয়া রমনা বটমূল ও কোটালিপাড়ায় বোমা হামলা মামলায় পলাতক আসামি।র্যাব দাবি করেছে, রাত দুইটার দিকে তাদের একটি দল দুর্জয় ভৈরব এলাকায় নাসিরাবাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। ওই বাস থেকে ওই তিনজনকে আটক করা হয়। বাসটি সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিল। হাফেজ ইয়াহিয়াসহ ওই তিনজন সিলেট থেকে ওই বাসে ওঠে। তাঁদের গন্তব্য ছিল কিশোরগঞ্জ। তাঁদের কাছ থেকে একটি মানচিত্র ও কিছু জেহাদি বই পাওয়া যায়। র্যাবপ্রধান কার্যালয়ের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে জানান, ইয়াহিয়া অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় তাঁকে ধরার জন্য র্যাব তৎপর ছিল। এ অবস্থায় খবরটি জানার পর তাঁরা কঠোর গোপনীয়তা রক্ষা করে ভৈরবে অভিযান চালিয়ে সফল হয়।