হুজির কারাদণ্ডপ্রাপ্ত দুই সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) দুই সদস্যকে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা দুজন হলেন আবুল কাশেম ওরফে আবদুল্লাহ (৪০) ও আবদুল হক ওরফে জাহাঙ্গীর (৩৫)। র্যাব জানায়, তাঁরা দুজনেই ১২ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত।গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল সোমবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা ওই দুজনকে গ্রেপ্তার করেন। গত রোববার রাত নয়টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাঁও মাদ্রাসা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, গতকাল সকাল সাতটার দিকে ময়মনসিংহের ভালুকা বাজার বাসস্ট্যান্ড থেকে র্যাব-৯-এর সহায়তায় আবদুল হককে গ্রেপ্তার করেন র্যাবের গোয়েন্দারা।র্যাবের কর্মকর্তারা জানান, বিডিআর ও পুলিশের যৌথ অভিযানে ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার দুর্গম পাহাড়ে হুজির প্রশিক্ষণশিবির থেকে এই দুজন গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় হুজির আরও ৪১ সদস্য গ্রেপ্তার হন। কক্সবাজার জেলা বিশেষ ট্রাইব্যুনাল গ্রেপ্তারকৃত সব জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করলে যাবজ্জীবনের পরিবর্তে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত।সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল বলেন, উচ্চ আদালতে আপিলের পর আদেশের আগেই বেশির ভাগ আসামি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। জামিন পেয়েই তাঁরা পালিয়ে যান। তাঁদের মধ্যে রোববার গ্রেপ্তার হওয়া কাশেম পরিচয় গোপন রেখে মেঘনার কান্দারগাঁও মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। মোহাম্মদ সোহায়েল আরও বলেন, জঙ্গিরা আবারও সংগঠিত হচ্ছে কি না, সে বিষয়ে তাঁদের জিজ্ঞাসা করা হবে। তবে এখনকার তথ্যমতে, হুজির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল।আবুল কাশেমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পূর্ব মাকিয়াকান্দি গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মজিদ। আবদুল হকের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম।সংবাদ সম্মেলনে র্যাব গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, উপপরিচালক (মিডিয়া) মেজর শাখাওয়াত হোসেন, খালিদ বিন ওয়ালিদসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।