হুজির নতুন প্রধান শেখ ফরিদ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নতুন প্রধান মাওলানা শেখ ফরিদকে আটক করা হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত শনিবার রাতে গোয়েন্দাদের একটি দল এই শীর্ষ জঙ্গি নেতাকে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে আটক করে। ওই ভাড়া বাসায় তাঁর স্ত্রী-সন্তানেরা থাকত। বাসাটি গোয়েন্দাদের নজরদারিতে ছিল। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে আত্মগোপন অবস্থা থেকে ফরিদ ওই দিন বাসায় ঢোকার পরপর আটক হন।শেখ ফরিদকে আটকের কথা গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী স্বীকার করেনি। এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল গতকাল প্রথম আলোকে বলেন, শেখ ফরিদকে গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই। অবশ্য গত সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার এম সোহায়েল বলেছিলেন, র‌্যাবের কাছে তথ্য আছে, শেখ ফরিদ সম্প্রতি হুজির আমিরের দায়িত্ব গ্রহণ করে সংগঠনকে পুনরায় সংগঠিত করতে সক্রিয় হয়েছেন। র‌্যাবের সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শেখ ফরিদ কাশ্মীর হয়ে পাকিস্তানে গেছেন। এখন পাকিস্তানে অবস্থান করছেন।র‌্যাব হুজির নতুন কমিটির নায়েবে আমির (সহসভাপতি) মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। প্রসঙ্গত, এ দেশে প্রতিষ্ঠাকাল থেকে হুজির সঙ্গে শেখ ফরিদ জড়িত। তিনি দীর্ঘদিন সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি আমিরের দায়িত্ব পান।শেখ ফরিদ ২০০১ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলার মামলাসহ বিভিন্ন বোমা হামলার মামলার আসামি।