হুজির নায়েবে আমিরসহ দুই জঙ্গি গ্রেপ্তার
হরকাতুল জিহাদের (হুজি) অন্যতম শীর্ষস্থানীয় নেতা আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বিরকে (৫১) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব।আজ সোমবার রাজধানীতে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, আবদুল হান্নান নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির নায়েবে আমির। গতকাল রোববার রাতে কেরানীগঞ্জের আদিবাজার এলাকার পাঁচগুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী আইনুল হককেও (২৮) গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে দুজনকে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল। তিনি বলেন, আবদুল হান্নানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় এক যুগ ধরে খুঁজছিল। গতকাল ৩৬ ঘণ্টা অভিযানের পর সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, আবদুল হান্নান ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা, ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা এবং ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর সভামঞ্চের কাছে বোমা পুঁতে রাখার ঘটনার সঙ্গে জড়িত।ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাওলানা সাব্বির হুজির উত্তরাঞ্চলীয় কমান্ডার ছিলেন। তাঁর বাড়ি বগুড়ায় হলেও তিনি রাজশাহী উপশহরে থাকতেন। সেখানে তিনি একটি মহিলা মাদ্রাসা পরিচালনা করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি গা ঢাকা দেন।এম সোহায়েল জানান, আবদুল হান্নান আফগান-ফেরত যোদ্ধা ও প্রশিক্ষক। হুজির প্রতিষ্ঠাকালে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। আইনুলও প্রশিক্ষক। র্যাব তাঁদের কাছ থেকে সংগঠনের, সিডি ও বোমা তৈরির নকশা উদ্ধার করেছে। তবে কোনো অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা যায়নি।