হুজির নায়েবে আমিরসহ দুই জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরসহ (৫১) দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া অপর জঙ্গি আইনুল হক (২৮)। র‌্যাবের দাবি, সাব্বির হুজির নায়েবে আমির বা দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষ নেতা। গ্রেপ্তার হওয়া দুই জঙ্গিকে গতকাল সোমবার দুপুরে র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়। র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বলেন, গত রোববার রাত দুইটার দিকে কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাসা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, চলতি মাসেই তাঁরা বাসাটি ভাড়া নিয়েছিলেন। তাঁরা সারা দিন বাসায় থাকতেন না। ভোররাতেই বের হয়ে যেতেন। তাঁরা নিজেদের পোশাকশ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন।সাব্বিরের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার খালিসাকান্দি সোনারপাড়ায়। স্থানীয় সূত্রগুলো জানায়, সাব্বির শাহজাহানপুরে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি গা ঢাকা দেন। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া অপর জঙ্গি আইনুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আক্কেলপুরে। তবে আইনুল রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের একটি বাসায় (১৯৯/১) থাকতেন।সাব্বির ২০০০ সালে কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা এবং ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তিনি ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা মামলা এবং ২০০৮ সালের চট্টগ্রামে রাউজান থানার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের দুটি মামলার আসামি বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।বিভিন্ন স্থানে হুজির প্রশিক্ষণ: সংবাদ সম্মেলনে র‌্যাবের লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে হুজি প্রতিষ্ঠার মূলে যে কয়েকজন আফগানফেরত যোদ্ধা রয়েছেন, মাওলানা সাব্বির তাঁদের অন্যতম। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি ১৯৮৭-৮৮ সালের দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি এলাকায় প্রথম প্রশিক্ষণ নেন। তিনি ইরাক যুদ্ধে অংশ নিতে যাওয়ার সময় ভারতে গ্রেপ্তার হন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে হুজির দাওয়াতি কাজ ও প্রশিক্ষণ পরিকল্পনায় যুক্ত। ১৯৯৩ সালে চট্টগ্রামে মুফতি ইজহারুল ইসলামের লালখানবাজার মাদ্রাসায় হুজির কার্যালয় স্থাপন করা হয়। র‌্যাব জানায়, সাব্বির একজন প্রশিক্ষক। তিনি বিভিন্ন সময়ে ফেনীর বারাহিপুরে জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ৩০ জন, কক্সবাজারের পোকখালী মাদ্রাসায় ১৩০, টাঙ্গাইলের মধুপুরের বানরগাছি মাদ্রাসায় ৬০-৭০ জনকে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছেন। এ ছাড়া তিনি খুলনার দৌলতপুর মসজিদ মাঠ, রূপসা উপজেলায় মাওলানা শাখাওয়াত হোসেনের মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীবাড়ী মাদ্রাসায় বিভিন্ন সময় মাদ্রাসাছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন বলে র‌্যাবকে বলেছেন।র‌্যাবের দাবি, আইনুল হক র‌্যাবকে বলেছেন, তিনি প্রথমে ২০০০ সালে ময়মনসিংহে হুজির সাত দিনের প্রশিক্ষণে অংশ নেন। ২০০৪ সালের মে মাসে মাওলানা শেখ ফরিদের নির্দেশে আইনুল চট্টগ্রামের হাটহাজারীতে ৪০ দিনের প্রশিক্ষণে অংশ নেন। পরে তিনি বিভিন্ন স্থানে জঙ্গিদের প্রশিক্ষণও দিয়েছেন। আইনুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা পরিদর্শন করতে গত বছর রমজান মাসে মাওলানা সাব্বির রাজশাহী যান। সেখানে আইনুলের বাসায় তিনি এক দিন ছিলেন। এরপর চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আইনুল পাবনার ঈশ্বরদী গেলে সেখানে সাব্বিরের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি তাঁরা দুজন চরমোনাই পীরের মাহফিলে যোগ দেন এবং পরদিন ঢাকায় আসেন বলে আইনুল র‌্যাবকে জানিয়েছেন।র‌্যাবের তথ্যমতে, বাহিনী প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত র‌্যাব ৭১২ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে; যার মধ্যে ৬১ জন হুজির সদস্য। র‌্যাবের হিসাবে, হুজির বিভিন্ন হামলায় দেশে ১১৮ জন নিহত ও ৯২১ জন আহত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে হুজির নেতৃত্বে রয়েছেন মাওলানা ইয়াহিয়া। এর আগে ছিলেন শেখ ফরিদ। ফরিদ এখন পাকিস্তানে অবস্থান করছেন বলে র‌্যাব জানতে পেরেছে।