হুজির নায়েবে আমিরসহ দুই জঙ্গি রিমান্ডে
হরকাতুল জিহাদের (হুজি) অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির (৫১) ও আইনুল হকের (২৮) পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কেরানীগঞ্জ থানা পুলিশ দুই জঙ্গিকে ১৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বলেন, গত রোববার রাত দুইটার দিকে কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাসা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, চলতি মাসেই তাঁরা বাসাটি ভাড়া নিয়েছিলেন। তাঁরা সারা দিন বাসায় থাকতেন না। ভোররাতেই বের হয়ে যেতেন। তাঁরা নিজেদের পোশাকশ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন।সাব্বিরের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার খালিসাকান্দি সোনারপাড়ায়। স্থানীয় সূত্রগুলো জানায়, সাব্বির শাহজাহানপুরে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি গা ঢাকা দেন। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া অপর জঙ্গি আইনুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আক্কেলপুরে। তবে আইনুল রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের একটি বাসায় (১৯৯/১) থাকতেন।সাব্বির ২০০০ সালে কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা এবং ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তিনি ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা মামলা এবং ২০০৮ সালের চট্টগ্রামে রাউজান থানার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের দুটি মামলার আসামি বলেও র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।র্যাবের দাবি, সাব্বির হুজির নায়েবে আমির বা দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষ নেতা।