হুজির যুক্তরাজ্য শাখার নেতা মোস্তফা আবার গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফা আবার গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানিয়েছেন।গতকাল শুক্রবার দুপুরে তাঁকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মীদের সামনে হাজির করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তারা বলেন, এক বছর আগে জামিনে বেরিয়ে নতুন করে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত এ জঙ্গি। গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি তাঁকে গ্রেপ্তার করে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকালই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, গোলাম মোস্তফা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও হুজির যুক্তরাজ্য শাখার আমির। যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাম মোস্তফার বাসায় একাধিকবার সে দেশের পুলিশ অভিযান চালায়। তবে তার আগেই তিনি (২০০৭ সালে) বাংলাদেশে পালিয়ে আসেন।পুলিশ কমিশনার বলেন, গোলাম মোস্তফা যুক্তরাজ্য সরকারের তালিকাভুক্ত জঙ্গি। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের মদদ ও অর্থায়নের অভিযোগ আছে। অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা আছে। সে দেশে তাঁর ও তাঁর স্ত্রীর নামে ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গোলাম মোস্তফা আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নেন। পরে বসনিয়া যুদ্ধের জন্যও তিনি ইউরোপে তহবিল সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। ২০০৭ সালের ২ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। তখন তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিন, ব্রিটিশ পাসপোর্ট এবং বিস্ফোরক নিয়ে লেখা পাঁচটি বই ও জঙ্গিদের উদ্বুদ্ধকরণের কয়েকটি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে তখন র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করে। পরে ওই মামলায় গোলাম মোস্তফার ১৭ বছরের কারাদণ্ড হয়। প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, গোলাম মোস্তফা গত বছরের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পান। এর পরপরই হুজিকে পুনর্গঠনের উদ্যোগ নেন। এ ব্যাপারে গত বছরের ৩ এপ্রিল প্রথম আলোয় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, জামিনে বেরিয়ে মোস্তফা হুজিকে সংগঠিত করেন এবং নানা অপরাধমূলক কাজ শুরু করেন। হুজি নেতা মাওলানা আবদুস সালামসহ অন্যান্য জঙ্গিকে জামিনে মুক্ত করার চেষ্টাও চালান তিনি। লন্ডন থেকে অর্থ সংগ্রহ করে আফগান ও বাংলাদেশের জঙ্গিদের অর্থ জোগান দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে অর্থ জোগানের কাজ করতেন। ইন্টারপোলের মাধ্যমে যুক্তরাজ্যের কাছ থেকে গোলাম মোস্তফা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, মোস্তফার স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার হাজারীবাগে তাঁর শ্বশুরবাড়ি থেকে একটি ইসলামী রাজনীতির বই, আফগান মুজাহিদদের যুদ্ধের ছবি সংবলিত বই এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির কলাকৌশলের ও জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, ডিবির উপ-কমিশনার মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার মাহবুব আলম, ওয়ালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।