হুজির যুক্তরাজ্য শাখার নেতা মোস্তফা রিমান্ডে
নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে ডিবির কর্মকর্তারা। শুক্রবার দুপুরে তাঁকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তারা বলেন, এক বছর আগে জামিনে বেরিয়ে নতুন করে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এ জঙ্গি। গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি তাঁকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, গোলাম মোস্তফা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও হুজির যুক্তরাজ্য শাখার আমির। যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাম মোস্তফার বাসায় একাধিকবার সে দেশের পুলিশ অভিযান চালায়। তবে তার আগেই তিনি (২০০৭ সালে) বাংলাদেশে পালিয়ে আসেন। শহীদুল হক জানান, গোলাম মোস্তফা যুক্তরাজ্য সরকারের তালিকাভুক্ত জঙ্গি। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়া ও অর্থায়নের অভিযোগ আছে। অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা আছে। সে দেশে তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।