হুজির শীর্ষ নেতা ইয়াহিয়া গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ ইয়াহিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাবের দাবি, ইয়াহিয়া নিষিদ্ধঘোষিত হুজির বর্তমান আমির। তাঁকে গত বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন মো. বাহাউদ্দীন (২২) ও ইয়ার মোহাম্মদ (৫০)। তাঁরা হুজির সমর্থক বলে জানিয়েছে র‌্যাব।গ্রেপ্তার হওয়া এই তিনজনকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় র‌্যাবের সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের লিখিত বক্তব্যে বলা হয়েছে, ইয়াহিয়া আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন।২১ আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখা মামলার আসামি এই ইয়াহিয়া। র‌্যাবের লিখিত বক্তব্য ও সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ইয়াহিয়ার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত রহিজ আহমেদ।এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রে হাফেজ ইয়াহিয়ার বাবার নাম লেখা রয়েছে আবদুর রশীদ। তাঁর গ্রাম পর্বতপুর (ধুমরা), থানা কানাইঘাট ও জেলা সিলেট।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি ও র‌্যাবের গ্রেপ্তার করা ইয়াহিয়া একই ব্যক্তি কি না, জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই ইয়াহিয়াই হুজির বর্তমান আমির এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।অভিযোগপত্রের ঠিকানার সঙ্গে র‌্যাবের উল্লেখ করা ঠিকানার গরমিল সম্বন্ধে জিয়াউল আহসান বলেন, তাড়াহুড়ো করে নাম-পরিচয় নেওয়ায় ইয়াহিয়ার বাবার নাম ‘রহিজ আহমেদ’ লেখা হয়েছে। আসলে তাঁর বাবার নাম আবদুর রশীদ। আর ইয়াহিয়া র‌্যাবকে পরে বলেছেন, তাঁরা আগে সিলেটেই থাকতেন, পরে চট্টগ্রামে চলে যান। আইনি কাগজগুলোতে তাঁর দুটি ঠিকানাই লেখা হচ্ছে।জানতে চাইলে ২১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, সাধারণ প্রক্রিয়া অনুযায়ী অভিযোগপত্রে কারও নাম অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট থানার মাধ্যমে স্থায়ী ঠিকানা ও পরিচয় যাচাই করা হয়। ইয়াহিয়ার ক্ষেত্রে কানাইঘাট থানা তাঁর নাম-পরিচয় নিশ্চিত করেছে। প্রথম আলোর পক্ষ থেকে খোঁজখবর করার পর গত রাত আটটা ২৫ মিনিটে র‌্যাবের পাঠানো এক ‘আংশিক সংশোধন’ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াহিয়ার সীতাকুণ্ডের যে ঠিকানা ও বাবার নাম আগে বলা হয়েছিল, সেটি সম্পূর্ণ সঠিক নয়। তিনি চট্টগ্রামে জমি কিনে বাড়ি করার পর এই ঠিকানা ব্যবহার করতেন। পরে ইয়াহিয়াকে আবার জিজ্ঞাসাবাদ করলে, তাঁর স্থায়ী ঠিকানা সিলেটের কানাইঘাট বলেই জানান। ইয়াহিয়ার পূর্ব ঘটনা: গতকাল সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, ইয়াহিয়া ১৯৮৭ সালে ভারত হয়ে পাকিস্তানের করাচিতে যান। সেখান থেকে ১৯৮৮ সালে আফগানিস্তানে যুদ্ধ করতে যান। তিনি ১৯৯২ সালে দেশে ফেরেন এবং পরে হুজিতে যোগ দেন। তিনি মুফতি ইজহারুলের চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দিতেন। তিনি তিন বছর আরাকানে রোহিঙ্গাদের পক্ষে যুদ্ধেও অংশ নিয়েছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ইয়াহিয়া ১৯৯৯ সালে হুজির আমিরের দায়িত্ব পান। ২০০৫ সালের অক্টোবরে হুজি নিষিদ্ধ হওয়ার পর ‘ইসলামী দাওয়াতী কাফেলা’ নামে সংগঠন তৈরি করা হয় এবং এর সভাপতি ছিলেন ইয়াহিয়া। সরকারের অনুমোদন না পাওয়ায় সংগঠনের নাম পাল্টে রাখা হয় ‘ইসলামী গণ-আন্দোলন’। পরে এই নামও পাল্টে ‘ইসলামি ডেমোক্রেটিক পার্টি’ (আইডিপি) নামকরণ করা হয়।র‌্যাবের দাবি, চলতি বছরের এপ্রিলে হুজির আমির মাওলানা শেখ ফরিদ গ্রেপ্তার হওয়ার পর ইয়াহিয়া আবার হুজির আমির হন।যেভাবে গ্রেপ্তার: ভৈরবের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, র‌্যাব দাবি করছে, বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় ভৈরব ভাস্কর্য চত্বর এলাকায় সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি বাস থামিয়ে ইয়াহিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সিলেট থেকে বাসে উঠেছিলেন।এদিকে গ্রেপ্তারের পর একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়া সাক্ষাৎকারে ইয়াহিয়া বলেছেন, মেয়েদের মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় র‌্যাব তাঁকে গ্রেপ্তার করেছে।