হুজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রামে মুফতি ইজাহার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা থেকে র্যাবের সদস্যরা তাঁকে আটক করেন। এর আগে সকালে মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মুফতি ইজাহার গত রোববার রাউজানে হুজির গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে নির্দোষ দাবি করেন।জানা গেছে, মুফতি ইজাহার লালখান বাজারের মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক। এ মাদ্রাসা থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। মাদ্রাসায় প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। গতকাল তাঁকে র্যাব আটক করে নিয়ে যাওয়ার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা র্যাব ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় তারা মাদ্রাসার সামনের রাস্তায় নেমে আসে। তবে র্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন।প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানায়, বেলা দুইটার দিকে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোছাইনের নেতৃত্বে র্যাবের প্রায় ১৫০ জন সদস্য মাদ্রাসাটি ঘিরে ফেলেন। সোয়া চারটার দিকে তাঁরা মুফতি ইজাহারকে একটি কালো কাচের গাড়িতে করে নিয়ে ফিরে আসেন। এ সময় র্যাবের অন্তত ২০টি গাড়ি একে একে মাদ্রাসা থেকে বের হয়ে আসে।লে. কর্নেল সাজ্জাদ হোছাইন বলেন, ‘রাউজানের গোপন আস্তানা থেকে হুজির গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদে মুফতি ইজাহারের সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে। তা ছাড়া ইজাহার বুধবার সকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনকে নির্দোষ দাবি করেন। এতে হুজির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়। তাই আমরা তাঁকে আটক করেছি।’জানা গেছে, হুজির গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদে ইজাহারের নাম বেরিয়ে এলে তাঁকে গতকাল র্যাবের কার্যালয়ে দেখা করতে বলা হয়। কিন্তু তিনি র্যাবের সঙ্গে কোনো যোগাযোগই করেননি। বরং সংবাদ সম্মেলন ডেকে হুজির গ্রেপ্তার হওয়া সদস্যদের নির্দোষ দাবি করেন।এ প্রসঙ্গে র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মুফতি ইজাহারকে দেখা করতে বলা হয়েছিল। কিন্তু যোগাযোগ না করে তিনি নিজেকে বাঁচাতে ও জনগণকে বিভ্রান্ত করতে সংবাদ সম্মেলন করেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সংবাদ সম্মেলন করে বেলা দুইটার দিকে মুফতি ইজাহার বাসায় যান। এর পরই র্যাব মাদ্রাসায় যায়। পরে মাদ্রাসার ভেতরে নিজের বাসা থেকে তাঁকে আটক করা হয়।মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, মুফতি ইজাহার বেলা দুইটার দিকে বাসায় যান। এর পরই র্যাব মাদ্রাসায় আসে।ইজাহারের সংবাদ সম্মেলন: মুফতি ইজাহার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি হুজির গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে নির্দোষ দাবি করেন। পাশাপাশি তিনি নিজে জঙ্গিবাদের বিপক্ষে বলেও দাবি করেন।মুফতি মুহাম্মদ ইজাহার অভিযোগ করেন, র্যাব রাউজানের আস্তানা থেকে পাঁচজন জঙ্গি গ্রেপ্তারের যে দাবি করছে, তা ডাহা মিথ্যা। দুই মাস আগে তাঁদের আটক করা হয়। ইসলামী ঐক্যজোটের সঙ্গে লিয়াজোঁ না করে জঙ্গিবাদ দমনের নামে এলোপাতাড়ি প্রচারণা ও অভিযান চালালে তা দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবে।গ্রেপ্তার হওয়া আবুল কালামকে ইসলামী ঐক্যজোটের জনসংযোগ কর্মকর্তা দাবি করে ইজাহার বলেন, ‘আমি ক্ষমতাসীন মহাজোটের প্রতিষ্ঠাতা ও বর্তমান চারদলীয় জোটের অন্যতম শরিক।’ হরতালকে সমর্থন করার কথাও বলেন তিনি।ঐক্যজোটের একাংশের এই নেতা বলেন, ‘কওমি মাদ্রাসা-সংশ্লিষ্ট কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে আমরা তাঁকে বহিষ্কার করব। প্রয়োজনে নিজেরাই তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব।’