প্রায় দুই বছর ধরে সারা দেশে এক সর্বনাশা হুজুগ চলছে—গ্রামগঞ্জের মানুষ গোপনে হন্যে হয়ে ছুটছে ‘তক্ষক’ নামের নিরীহ-নিশাচর প্রাণীটির খোঁজে। কারা নাকি লাখ লাখ টাকায় কিনছে। একেকটি তক্ষক ওজনে ৩০০ গ্রাম হলে সেটির দম নাকি পাঁচ-ছয় লাখ টাকা।তবে প্রশাসনও নড়েচড়ে বসেছে। দেশের বহু অঞ্চলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচেতন জনগণ ও প্রশাসন মিলে অনেক হুজুগে তক্ষক শিকারিকে তক্ষকসহ পাকড়াও করেছে। তক্ষকগুলো ছেড়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে। অনেক জায়গায় শিকারিদের দণ্ডও দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবরে দেখেছি, গত ১৯ অক্টোবর দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তাঁরা খাগড়াছড়ি থেকে তক্ষক (স্থানীয় নাম টুট্টেং) নিয়ে ঢাকায় আসছিলেন বিক্রির জন্য। আমার জানামতে, চট্টগ্রামের হালদা নদীর আশপাশের উপজেলাগুলোতে এই হুজুগটা শুরু হয় প্রথমে। তারপর এটা দ্রুত ছড়িয়ে পড়ে সিলেটসহ সারা দেশে। দেশের বহু প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে—মতামত জানার জন্য। কয়েকটি জাতীয় দৈনিকে আমার মতামত ছাপাও হয়। সে সময় খবর পাই, আমার গ্রাম বাগেরহাট-ফকিরহাটেও হুজুগটি সংক্রমিত হয়েছে। তবে ফকিরহাট-বাগেরহাটের প্রশাসন স্থানীয় ওয়াইল্ড লাইফ ক্লাবের সহায়তায় বহু ধৃত তক্ষক উদ্ধার করে অবমুক্ত করে। তক্ষক একটি অতি নিরীহ প্রাণী। কারা কী উদ্দেশে যে তক্ষকসংক্রান্ত গুজব ছড়িয়েছে! সেই গুজবে হুজুগে ছুটছে মানুষ, প্রাণ যাচ্ছে নিরীহ প্রাণীটির।বসতবাড়ির ঘরের চালাতেও এরা থাকে। শৈশবে আমাদের ঘরের টালির চালা-বাতার ফাঁকফোকরে এদের দেখেছি। রাতে ঘর কাঁপিয়ে ডাকত প্রহরে প্রহরে। নেমে আসত ঘরের দেয়ালে। ভয় পেতাম না। মারতামও না। প্রজনন-মৌসুমে বাগান কাঁপিয়ে ডাকত। ডাকের শুরুতে যেন ওরা গলাটা সেধে নিত, তারপর ‘তক্কেত তক্কেত’ শব্দে থেমে থেমে সাত-আটটি ডাক দিত। ডাকটা শেষ করত প্রশ্নবোধক ভঙ্গিতে।তক্ষক উপকারী প্রাণী। ইংরেজি নাম Tokay Gecko। বৈজ্ঞানিক নাম Gecko gecko। পাঁচ-সাতটি ডিম পাড়ে। ডিমের আকৃতি ক্যাপসুল বা কালোজামের বিচির মতো। রং সাদা। আগে না দেখলে পূর্ণ বয়স্কদের প্রথম দেখায় একটু ভয় করতে পারে। ভাসা ভাসা বড় বড় হলুদ চোখ, শরীরে সাদা বা হলুদাভ বড় বড় ফোঁটা, লেজে গুনে গুনে ছয়টি সাদা বলয়, লেজের আগা সাদা। মাথাটা শরীরের তুলনায় বড়।তক্ষক সারা দেশেই ছিল এবং আজও আছে। গাছের খোঁড়লে-কোঠরে, পুরোনো দর-দালানের ফাঁকফোকরে বসবাস। খাদ্য মূলত পোকা-মাকড়, কীটপতঙ্গ। সুযোগ পেলে টিকটিকি, টিকটিকির ডিম, ঘরচিতি সাপ ও ছোট চামচিকাও খায়। আমি ওদের চড়ুইয়ের ডিম-ছানা ও নেংটি ইঁদুরের ছানাও খেতে দেখেছি।প্রাণীটার শরীরের মাপ মোট ৩২-৩৮ সেমি। লেজ ও শরীরের মাপ সমান সমান। সাহসী-কুশলী ও চতুর প্রাণী এরা। গলায় জব্বর জোর। বেশি ডাকে প্রজনন মৌসুমে (গ্রীষ্মকালে)। নিঝুম রাতে ওদের ডাক ৫০০ গজ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডাকে নিজেদের রাজত্বের ঘোষণা দিতে ও প্রেমিকার কাছে নিজের অবস্থান জানাতে। দুটি পুরুষে প্রয়োজনে দারুণ মারামারিতে লিপ্ত হয়। সে বড় জব্বর কুস্তি! দেশের বেশ কজন খ্যাতিমান চিকিৎসক ও হাকিমের সঙ্গে আলোচনা করেছি আমি। তাঁরা জানিয়েছেন, এদের শরীরে এমন কোনো উপাদান নেই বা মাথায় বিশেষ ধরনের ‘ম্যাগনেট’ (বলা হচ্ছে ম্যাগনেট আছে) নেই, যার জন্য এটি লাখ লাখ টাকায় বিক্রি হতে পারে। এটি নিছকই একটি গুজব। ইতিমধ্যে তক্ষক নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পদক্ষেপ নিয়েছে। আশা করা যায়, যাঁরা গুজবের হুজুগে ছুটছিলেন এই নিরীহ প্রাণীর প্রাণসংহার করতে, তাঁরা এখন খান্ত দেবেন। প্রাণীটির আর কোনো ক্ষতি হবে না। প্রকৃতির প্রহর ঘোষক বলে পরিচিত উপকারী এই প্রাণীটি টিকে থাকবে বাংলাদেশের বনবাদাড়ে, ঘরের চালায়-বাতায়।