হুমকির অভিযোগে মাহমুদুরের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে হুমকি সৃষ্টির অভিযোগে দৈনিক ‘আমার দেশ’ এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। আজ রোববার দুপুরে শাহবাগ থানায় জিডি করেন বাপ্পা। জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম। জিডিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি, যুদ্ধাপরাধসহ অন্যান্য অভিযোগে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের চলমান আন্দোলন শুরুর পর ‘আমার দেশ’ পত্রিকা বাপ্পার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। পত্রিকাটির সম্পাদক নিজেও তাঁকে (বাপ্পা) নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সম্পাদকীয় ও কলাম লিখেছেন। এমনকি গতকাল শনিবার ‘আমার দেশ’ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে তাঁকে খুনি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ও মাদকাসক্ত বলে মিথ্যা ও বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন। জিডিতে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলতে বাপ্পাকে লক্ষ্য করা হয়েছে। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার পর থেকে তিনি শঙ্কিত। জামায়াত-শিবিরকে দিয়ে একটা ঘটনা ঘটাতে ‘আমার দেশ’ সুপরিকল্পিত পরিবেশ তৈরি করেছে। এ ছাড়া বিভিন্নভাবে তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত শুক্রবার রাতে প্রত্যক্ষ, পরোক্ষ মদদে প্ররোচনা চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাঙচুরের অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগে চারটি ও রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এর আগে পুলিশ তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছে।