বাংলাদেশের মানচিত্রে সর্বদক্ষিণের বিন্দুটি হচ্ছে ছেঁড়াদিয়া বা ছেঁড়াদ্বীপ। এই দ্বীপে এখনো জনবসতি গড়ে ওঠেনি। দ্বীপের চারদিকে পাথরের রাজ্য। ভূ-ভাগ সবুজ কেয়াগাছে ভরা। জোয়ারের সময় চার একরের দ্বীপটির চারদিক ডুবে গেলে বাকি ভূখণ্ড মাথা তুলে দাঁড়িয়ে থাকে।গত সোমবার সকালে এই দ্বীপ পরিদর্শন করে এখানকার পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন দেখে হতাশ হন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ।দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষার ব্যাপারে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মতবিনিময় করতে গত রোববার দুপুর সাড়ে ১২টায় আইজিপি নূর মোহাম্মদ সেন্ট মার্টিনে যান। ওই দিন বেলা তিনটা পর্যন্ত তিনি হেঁটে হেঁটে দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলন, সৈকত দখল করে দোকানপাট, বসতবাড়িসহ নানা স্থাপনা নির্মাণ পরিদর্শন করেন। বিকেল পাঁচটায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ ব্যাপারে মতবিনিময় সভা করেন। সভায় দ্বীপের কয়েক শ মানুষ তাঁর ডাকে সাড়া দিয়ে পাথর উত্তোলন, প্রবাল-শৈবাল আহরণ ও বিক্রি বন্ধসহ জীববৈচিত্র্য রক্ষার শপথ নেয়। পরদিন সকাল ১০টায় আইজিপি সেন্ট মার্টিন থেকে কোস্টগার্ড বাহিনীর একটি স্পিডবোটে করে ছেঁড়াদ্বীপ পরিদর্শনে যান।আইজিপি নূর মোহাম্মদ জীবনের প্রথম ছেঁড়াদ্বীপের মাটিতে পা রেখে বললেন, ‘কী সুন্দর দ্বীপ! জীবনে পরিবারের সবাইকে নিয়ে আরেকবার আসার সুযোগ পাই কিনা আল্লাহ জানে।’আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইনসহ পুলিশ ও কোস্টগার্ডের কয়েকজন সদস্য।দ্বীপে উঠে সবাইকে নিয়ে আইজিপি হাঁটা শুরু করেন। ২০ কদম যেতেই তাঁর সামনে পড়েন নারায়ণগঞ্জ থেকে ভ্রমণে আসা এক ব্যক্তি। তাঁর হাতে তিন টুকরো প্রবাল। আইজিপির প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, ‘প্রবালগুলো সুন্দর লেগেছে, তাই ভেঙে সঙ্গে নিলাম।’ নূর মোহাম্মদ প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক আহরণকারী এ রকম আরও কয়েকজনকে ডেকে বলেন, ‘প্রবাল-শৈবাল আহরণ ও বিপণন নিষিদ্ধ তা আপনারা জানেন না? এর কারণে যে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, আপনারা নিশ্চয় জানেন? বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ডটিকে অন্তত বাঁচিয়ে রাখুন।’ এরপর লোকজন হাতে থাকা, ব্যাগে রাখা প্রবাল-শৈবালগুলো সাগরের পানিতে রেখে দেয়।ছেঁড়াদ্বীপে পরিবেশ অধিদপ্তর ও প্রত্যয় নামের একটি বেসরকারি সংস্থার তিনটি সাইনবোর্ড নজরে পড়লেও এদের কাউকে দ্বীপে দেখা যায়নি। ছোট্ট দ্বীপটিও পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসায় ভরা।সেখানকার অস্থায়ী রেস্তোরাঁর মালিক সেন্ট মার্টিনের আবদুল শুক্কুর (৪৫) জানান, স্থানীয় লোকজন প্রবাল-শৈবাল আহরণ করে না। পর্যটকেরা ফিরে যাওয়ার সময় এসব আহরণ করে নিয়ে যায়। নিষেধ করলে তারা শোনে না। ডাব বিক্রেতা সৈয়দ নূর জানান, আগে সেন্ট মার্টিনের কয়েকজন প্রভাবশালী ছেঁড়াদ্বীপ থেকে বিপুল পরিমাণ প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক আহরণ করে ট্রলারযোগে কক্সবাজারে পাচার করতেন। গত রোববার থেকে তা বন্ধ রয়েছে।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, দ্বীপের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশের এই উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং দায়িত্ববোধ কাজ করছে।বিকেল সাড়ে তিনটায় ছেঁড়াদ্বীপ ত্যাগ করে সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী জাহাজে ওঠার সময় জেটির মাঝপথে দেখা গেল, তিন ব্যক্তি হাতমাইকে ঘোষণা করছেন, ‘সম্মানীত পর্যটকবৃন্দ। আপনাদের হাতে প্রবাল ও শৈবাল থাকলে দয়া করে এখানে রেখে যান। এসব আহরণ, সংগ্রহ, সরবরাহ একেবারে নিষিদ্ধ। পরিবেশের জন্য ক্ষতিকর।’লোকজন ব্যাগ, প্যান্ট, জ্যাকেট ও কোটের পকেট থেকে প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক বের করে জমা দিয়ে জাহাজে উঠছে। উদ্ধারকর্মী আনোয়ার হোসেন জানান, এখন থেকে প্রতিদিন জাহাজ থেকে নামার সময় পর্যটকদের এ ব্যাপারে সতর্ক করা হবে এবং ওঠার সময় তল্লাশির ব্যবস্থা চলবে।