হুমকির মুখে পাবনার দুগ্ধশিল্প
কাঁচা গোখাদ্য বিনষ্ট, দানাদার খাদ্যর দাম বৃদ্ধিসহ নানা কারণে পাবনার দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত পাঁচটি উপজেলার গো খামারিরা চরম বিপাকে পড়েছেন। দুগ্ধ উৎপাদন কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এসব এলাকার শিল্প। অনেকেই দেনার দায়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। জেলা পশুসম্পদ কার্যালয় সূত্র জানায়, পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, সাঁথিয়া, আটঘরিয়া ও চাটমোহর দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে সারা দেশে পরিচিত। দেশের মোট দুগ্ধ চাহিদার একটি বড় অংশ পূরণ হয় এসব এলাকার খামার থেকে। এলাকাগুলোর প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ছোট-বড় দুগ্ধ খামার। পাঁচ উপজেলায় দুই লাখ ৭১ হাজার গবাদিপশুর মধ্যে দুধ সরবরাহ করে প্রায় এক লাখ গাভি। কিন্তু চলতি বছর এসব এলাকার গোচারণ ভূমিগুলোতে জলাবদ্ধ সৃষ্টি ও দানাদার গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে গাভির খাবার সংকট দেখা দিয়েছে। এতে দুগ্ধ উৎপাদনও কিছুটা কমে গেছে। এসব এলাকার খামারিরা জানিয়েছেন, প্রত্যেক গাভি থেকে প্রয়োজনমতো দুধ পেতে হলে প্রচুর খাবার দিতে হয়। বাজার থেকে কেনা দানাদার খাদ্যর সঙ্গে সরবরাহ করতে হয় কাঁচা গোখাদ্য। কিন্তু বন্যা ও অতিবৃষ্টিতে এ বছর কাঁচা গোখাদ্যের চারণভূমিগুলো নষ্ট হয়ে গেছে। অন্যদিকে দানাদার গোখাদ্যর দাম বেড়েছে দ্বিগুণ। ৮২০ টাকা বস্তা মূল্যের খৈলের দাম বেড়ে হয়েছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। প্রতি বস্তা ভুসি (৩৫ থেকে ৩৭ কেজি) ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা। প্রতি বস্তা অ্যাঙ্কার ডাল (২০ কেজি) ২২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে। আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের দুগ্ধ খামারি মো. মুক্তার হোসেন জানান, তাঁর খামারে ২৫টি গাভি ছিল। এর মধ্যে ১২টি গাভি দুধ দিত। সম্প্র্রতি গোখাদ্যের দাম বৃদ্ধি ও কাঁচা গোখাদ্য সংকটের কারণে তিনি ১৫টি গরু বিক্রি করে দিয়েছেন। ফরিদপুর উপজেলার পাঁচপঙ্গুলী গ্রামের আনসার আলী বলেন, ‘গরুর খামার এহন আমাগের গলার ফাঁস হইচে। ছাড়বেরও পাড়তেছি না, ধরেও রাখপের পারতেছি না। দুদ বেচেই তো সুংসার চলাই। খামার বন্দ করে দিলি না খায়া থাহা লাগবি। তাই কষ্ট করে হলিও গরু বেচি নাই।’মধ্যপঙ্গুলী গ্রামের দুগ্ধ খামারি রজব আলী ও আনোয়ার হোসেন জানান, গোখাদ্যের দাম যদি নিয়ন্ত্রণে না আসে তবে এসব এলাকার দুগ্ধশিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না। নীরবেই বন্ধ হয়ে যাবে খামারগুলো। ফলে অতিসত্বর এই শিল্পকে রক্ষায় সরকারি উদ্যোগের প্রয়োজন। আটঘরিয়ার চাঁন্দাই গ্রামের খামারি মো. আসাদ জানান, তাঁর খামারে ১১টি গাভি থেকে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন মণ দুধ পাওয়া যেত। এখন এসব গাভিকে শুকনো খাদ্য দেওয়ায় দুধ উৎপাদন অর্ধেক কমে গেছে। যে পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে, তা দিয়ে গোখাদ্য ও খামার পরিচালনা ব্যয় মেটানো হচ্ছে। খামার থেকে কোনো লাভ পাওয়া যাচ্ছে না। সদর উপজেলার আরিফপুর এলাকার শীতল ডেইরি ফার্মের মালিক রেজাউল করিম জানান, তাঁর খামারে মোট ৯৫টি ছোট বড় গাভি রয়েছে। এর মধ্যে দুধ দেয় ৩৫টি গাভি। প্রতিদিন আড়াই শ লিটার দুধ উৎপাদন হয়, যা বিক্রি করে পাওয়া যায় সাত হাজার ৫০০ টাকা। কিন্তু এসব গাভি দেখাশোনা, দুধ সরবরাহ ও গাভির খাদ্য কিনতে প্রতিদিন গড়ে ব্যয় হয় সাত হাজার ৫০০ থেকে আট হাজার টাকা। গড়ে প্রতিদিন ৫০০ টাকা করে লোকসান গুনতে হয়। এ বিষয়ে জেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, ‘কাঁচা গোখাদ্যের সংকট ও মূল্যবৃদ্ধিতে কিছু সমস্যা হয়েছে। তবে এই সমস্যা নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খাদ্য সমস্যা সমাধানে ৮০ হাজার মেট্রিক টন খাদ্য চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির এ সমস্যার সমাধান হবে।