খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন নয়টি পোল্ডারে অবস্থিত ৯৯টি সরকারি স্লুইসগেট দিয়ে কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে যথেচ্ছ লবণাক্ত পানি তোলা হচ্ছে। ফলে উপজেলার বিস্তীর্ণ এলাকায় ঘটছে পরিবেশ বিপর্যয়, বন্ধের উপক্রম হয়েছে ধানচাষ। ওয়াপদার বাঁধগুলোতেও মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি এসব পোল্ডারের অধীন স্লুইসগেটগুলো দিয়ে লবণাক্ত পানি তোলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এ নির্দেশ মানা হচ্ছে না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্লুইসগেট দিয়ে পানি না নামিয়ে বারবার লবণাক্ত পানি উঠানো হচ্ছে। এতে করে জমিতে লবণ জমা হয়ে থাকছে। ফলে এলাকাবাসী প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এ কারণে গোটা উপজেলায় আমনের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিভিন্ন ধরনের গাছও আগের মতো বেড়ে উঠতে পারছে না এবং অনেক ক্ষেত্রে গাছ বিবর্ণ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে। প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াপদার বাঁধগুলো। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষ লবণাক্ত পানি তোলা বন্ধের নির্দেশ দেয়। নির্দেশে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ আছে। অথচ এই আদেশ অমান্য করে ঘেরমালিকেরা প্রভাব খাটিয়ে সরকারি গেট দিয়ে পানি উত্তোলন করছেন এবং বাঁধ কেটে তাঁদের ইচ্ছামতো গেট নির্মাণ করছেন।উপজেলার বাইশার আবাদ নদীসংলগ্ন গেট এবং বয়রা সরকারি স্লুইসগেট দিয়ে ক্ষমতা ও অর্থের দাপট দেখিয়ে ঘেরমালিকেরা লবণাক্ত পানি উঠানোর ফলে পাইকগাছা পৌরসভাসহ এর সংলগ্ন এলাকার মারাত্মক ক্ষতি হচ্ছে। বাইশার আবাদ নদীসংলগ্ন ঘেরমালিক ফসিয়ার রহমান মিস্ত্রি, বশির আহম্মেদ, শাহাজাহান সরদার, রাজেশ্বর, এনামুল হকসহ অনেকে তাঁদের ঘেরের প্রয়োজনে ইচ্ছামতো পানি উত্তোলন করছেন। উপজেলার গদাইপুর গ্রামের আলাল গাজী বলেন, ‘মাছের ঘেরের মধ্যি গেট দিয়ে নোনা পানি তোলা হোচ্ছে। এতে আমগে জমিতিও নোনা আসতিছে। গাছ-পালা এহোন আর হতি চায় না। দুই দিন পর (ভবিষ্যতে) জানিনে কী হবেনে।’ এ বিষয়ে ঘেরমালিক ফসিয়ার রহমান মিস্ত্রি বলেন, ‘ঘেরের ভেতর পানি কমে গেলে তো আর মাছ ভালো হবে না। মাছ বাঁচাতে মাঝেমধ্যে পানি ওঠাতে হয়।’এ ব্যাপারে উপজেলার লস্কর ইউনিয়নের গেট নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আ. করিম গাইন বলেন, ‘আমাদের ক্ষমতা খুব কম, এতে আমার কী করার আছে।’ গদাইপুর ইউপি চেয়ারম্যান ও গেট কমিটির সভাপতি আ. রাজ্জাক মলঙ্গী বলেন, ‘অনেক জায়গায় পানি ওঠানো হচ্ছে শুনেছি, তাঁরা যদি পানি ওঠান, আমি কী করতে পারি?’ঘেরের জমির মালিক (ঘের মালিক নন) আবদুল আজিজ গাজী ও সেকেন্দার গাজী বলেন, ‘এখনই লবণাক্ত পানির প্রভাব থেকে মুক্ত হতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে না খেয়ে মরতে হবে। এখন আগের মতো গাছপালা ও বন নেই। পরিচিত মাছগুলোও আর থাকবে না, গবাদিপশুও তাদের চেনা খাবারের অভাবে ঠিকমতো বাঁচতে পারবে না। আমরাও লবণাক্ত পানি থেকে মুক্তি চাই। তবে ওদের (ঘেরমালিক) ক্ষমতা অনেক বেশি।’এ বিষয়ে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকবল অনেক কম আছে এবং যাঁরা আছেন তাঁরাও অনেক সময় ঘেরমালিকদের প্রভাবে প্রভাবিত হন। ফলে জমিতে লবণাক্ত পানি উঠছে। এখনই লবণ পানির আগ্রাসন বন্ধ হওয়া উচিত। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনেক দেরি হয়ে যাবে। পাউবোর সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী বিভাগীয় প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস স্বাক্ষরিত পত্রে স্লুইসগেটগুলো দিয়ে লবণাক্ত পানি তোলা বন্ধের নির্দেশ রয়েছে। এই নির্দেশের কপি প্রতিটি গেট কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের দপ্তরে পাঠানো হয়েছে। এবং এ নির্দেশ কার্যকরও হচ্ছে। ওয়াপদার বাঁধ কেটে বাঁধের বিভিন্ন স্থানে গেট নির্মাণের ব্যাপারে বারবার ব্যবস্থা নিতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং এ ক্ষেত্রে অনেকগুলো মামলাও করা হয়েছে।