হুমকির মুখে বাগমারার পোলট্রি শিল্প!
বাঁশের মাচা আর চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা খামার, নেই মুরগির চিউ-চিউ শব্দ। পড়ে আছে শূন্য খাঁচা। কিছুদিন আগেও হয়তো ছিল মুরগিতে ভরা। রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি গ্রামের সাজেদুর রহমানের পোলট্রি খামারের দৃশ্য এটি। উপজেলার শুধু সাজেদুর রহমান নন, তাঁর মতো আরও অর্ধশত পোলট্রি খামারির আজ এই দশা। খাদ্য, ওষুধ ও বাচ্চার দাম বাড়ায় উপজেলার লাভজনক এ ব্যবসা এখন হুমকির মুখে।উপজেলা পশুসম্পদ দপ্তর সূত্র জানায়, ২০০০ সালের দিক থেকে এলাকায় পোলট্রি শিল্পের প্রসার ঘটতে থাকে। তখন প্রয়োজনীয় উপকরণের দাম কম এবং সহজ লভ্য হওয়ায় অনেকে ঝুঁকে পড়েন এ ব্যবসায়। কয়েক বছরে তা আরও বৃদ্ধি পায়। অনেকে এ ব্যবসা করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। কিন্তু ২০০৭ সালে বার্ড ফ্লু দেখা দেওয়ার পর বাগমারাতেও এর প্রভাব পড়ে। বাগমারার কয়েকটি পোলট্রি খামার এ রোগের শিকার হয়। এতে করে খামারিরা ক্ষতিগ্রস্ত হলেও পরে সরকারি সহযোগিতায় কিছুটা পুষিয়ে ওঠে। তবে প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় উপজেলার খামারিরা এখনো আগের অবস্থায় ফিরতে পারেননি। এ অবস্থায় গত দেড় বছরে উপজেলার প্রায় অর্ধশত খামার বন্ধ হয়ে গেছে।উপজেলা পশুসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন সুভাষ চন্দ্র পণ্ডিত জানান, এখন বাগমারায় মোট ৯৭টি পোলট্রি খামার রয়েছে। এর মধ্যে লেয়ার ২১টি ও ব্রয়লার ৭৬টি। খামারি ও পশুসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় উপকরণের দাম বাড়লেও বাড়েনি ব্রয়লারের (মুরগির) দাম। ভবানীগঞ্জের পোলট্রি ব্যবসায়ী আকরাম হোসেন জানান, প্রতি কেজি ব্রয়লার উত্পাদন করতে খরচ হয় ১৩০ থেকে ১৩৫ টাকা আর বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আরেক ব্যবসায়ী আফসার জানান, বর্তমানে বাজারে বাচ্চার দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। কিছুদিন আগে একদিনের মুরগির বাচ্চা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তাঁদের বেশি টাকায় বাচ্চা কিনে কম টাকায় খাবার উপযোগী ব্রয়লার বিক্রি করতে হচ্ছে।শ্রীপুরের আনিছার রহমান নামের এক খামারি জানান, শুধু বাচ্চার দাম বাড়েনি, তার সঙ্গে বেড়েছে খাবার ও ভ্যাকসিনের দামও। আক্তার নামের এক পোলট্রি ব্যবসায়ী জানান, উত্তরা, উষা, আফতাব, সিপি, কাজিসহ বিভিন্ন কোম্পানির মিক্সড খাবার প্রতি বস্তা (৫০ কেজি) আগে এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫৭০ টাকায়।উপজেলার ভবানীগঞ্জ বাজারের ফিড ব্যবসায়ী সিপ ও ডেসন এগ্রো কোম্পানির এলাকা পরিবেশক জীবরাঈল আল জিবরাসি জানান, দাম ঢাকা থেকে বাড়ানো হয়েছে। তাঁদের কিছুই করার নেই। এ ছাড়া প্রয়োজনীয় ভ্যাকসিনের দামও বেড়েছে। এসব উপকরণের দাম বাড়ায় খামারিরা আর এ ব্যবসায় থাকতে পারছেন না। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া খামার মালিক বাগমারা গ্রামের আবু হেনা জানান, তার খামারে বার্ড ফ্লু না থাকলেও প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় তিনি কুলিয়ে উঠতে পারেননি। তিনি বলেন, ‘কিনি বেশি দামে আর বিক্রি করি কম দামে।’ এ অবস্থায় টিকতে না পারায় খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এখন তাঁর প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে। শ্রীপুর গ্রামের নাসির উদ্দিন, মখলেছুর রহমান, দেউলার ফজলুর রহমানসহ আরও অনেকে একই রকম কথা বলেন। তাঁরা জানান, যে পরিমাণ খরচ হয় তা উঠানো সম্ভব হয় না। অব্যাহত লোকসানে তারা খামার বন্ধ করে দিয়েছেন। তাঁদের অনেকেই বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে খামার করেছিলেন, এখনো তাঁরা সেই কিস্তি টানছেন।উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম জানান, স্থানীয় পশু অফিস পোলট্রি ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে উত্সাহিত করছে, তাদের পরামর্শ দিচ্ছে। তবে তিনি দাবি করেন, পোলট্রি ব্যবসায়ীদের লোকসান নয়, লাভ কম হচ্ছে।